২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছেলেকে হারালেন আজহার

পাঁচ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে চির বিদায় নিলেন ভারতের সাবেক অধিনায়ক মো. আজহারউদ্দিনের ছেলে আইয়াজউদ্দিন, যিনি নিজেও ছিলেন এক জন প্রতিশ্রুতিশীল ক্রিকেটার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2011, 09:44 AM

Updated : 24 Aug 2022, 04:00 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাঁচ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে চির বিদায় নিলেন ভারতের সাবেক অধিনায়ক মো. আজহারউদ্দিনের ছেলে আইয়াজউদ্দিন, যিনি নিজেও ছিলেন এক জন প্রতিশ্রুতিশীল ক্রিকেটার। ১৯ বছর বয়সি আইয়াজের জীবনাবসানের খবর শুক্রবার হায়দারাবাদের অ্যাপোলো হাসপাতাল নিশ্চিত করেছে বলে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে। গত রোববার দুর্ঘটনায় আহত হওয়ার পর এ হাসপাতালেই ছিলেন আইয়াজ। নিজ শহর অন্ধ্র প্রদেশের রাজধানী হায়দরাবাদের রিং রোডে মটর সাইকেল দুর্ঘটনার শিকার হন আইয়াজ। দুর্ঘটনায় আইয়াজের ফুপাতো ভাই (আজহারের ভাগ্নে) আজমল উর রহমান (১৬) নিহত হন। আইয়াজ ছিলেন আজাহারের সাবেক স্ত্রী নওরিনের ছোট ছেলে। আজাহার-নওরিনের আশহাদউদ্দিন নামে আরো এক ছেলে রয়েছে। সাবেক মিস ইন্ডিয়া সঙ্গীতা বিজলানিকে বিয়ের আগে আজাহার-নওরিনের ছাড়াছাড়ি হয়। সেইন্ট মেরি কলেজে বি কম পড়–য়া আইয়াজ হায়দরাবাদের অনূর্ধ্ব-১৩, ১৫ ও ১৯ দলে ছিলেন। তার বড় ভাই আশহাদউদ্দিনও বাবার মতো ক্রিকেট খেলেন। একটি সুজুকি মটর সাইকেল নিয়ে বেড়াতে বেরিয়ে দুর্ঘটনায় পড়েন আইয়াজ ও আজমল। তাদের বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ বাইকটি ঈদে বাবার কাছ থেকে উপহার পেয়েছিলেন আইয়াজ। ছেলের দুর্ঘটনার সময় আজহার ছিলেন ইংল্যান্ডে। খবর পেয়ে ছুটে আসেন তিনি। ক্রিকেটকে বিদায় জানানোর পর আজহার রাজনীতিতে নাম লিখিয়েছেন। লোকসভায় কংগ্রেসের প্রতিনিধিত্ব করছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/১৫৪৩ ঘ.