ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সময় মতো আমন্ত্রণপত্র না পাওয়ায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বার্ষিক পুরস্কার প্রদান অনুষ্ঠানে ভারতের ক্রিকেটাররা উপস্থিত হতে পারেননি বলে দাবি করেছেন দলের ম্যানেজার শিবলাল যাদব।
কিন্তু আইসিসি বলেছে, ২৬ অগাস্টের আগেই ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) অনুষ্ঠানের কথা জানানো হয়।
আইসিসির মনোয়নের সংক্ষিপ্ত তালিকাতেও ছিলেন বিশ্বকাপ জয়ী ভারতের বেশ কয়েকজন ক্রিকেটারের নাম। সোমবার রাতের অনুষ্ঠানে তারা অনুপস্থিত ছিলেন। অথচ অনুষ্ঠানস্থলের খুব কাছেই ছিলেন মহেন্দ্র সিং ধোনির দলের খেলোয়াড়রা।
এ ব্যাপার যাদব বলেন, বেলা বারোটায় আইসিসির যোগাযোগ বিষয়ক কর্মকর্তা কলিন গিবসন তাকে অনুষ্ঠানের কথা অবহিত করেন। কিন্তু ততক্ষণে অনেক খেলোয়াড় হোটেল থেকে বেরিয়ে গেছেন, অনেকে ব্যস্ত হয়ে পড়েন কেনাকাটায়।
গিবসন বলেন, "এই অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য কয়েক সপ্তাহ আগে ভারত দলকে আমন্ত্রণ জানানো হয়। যারা পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন তারা ২৬ অগাস্ট থেকেই ব্যাপারটা জানতেন।"
ভারতের প্রচার মাধ্যম এনডিটিভি জানায়, বিসিসিআই এই অনুষ্ঠানের কথা জানতো। ভারত দলকে অনুষ্ঠানে পাঠাতেও তারা রাজি হয়েছিলেন। ই-মেইলেই এর প্রমাণ পাওয়া যাবে।
আইসিসির মুখপাত্র বলেন, "যদি তা না হতো, তাহলে ভারত দল চতূর্থ একদিনের খেলা শেষে কার্ডিফ (শেষ ম্যাচের ভেন্যু) রওনা দিত। সোমবার লন্ডনে ফেরার দরকার হতো না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২১০৮ ঘ.
bdnews24