ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জিপি-বিসিবি জাতীয় ক্রিকেট একাডেমি দলের অধিনায়ক মাহমুদুল হাসান বলেছেন, তারা বিসিবি কাপে সেরা ক্রিকেট খেলতে চান।
জাতীয় ক্রিকেট একাডেমিতে রোববার সাংবাদিকদের তিনি বলেন, "বিসিবি কাপকে আমরা অভিজ্ঞতা অর্জনের একটা সুযোগ হিসেবে নিচ্ছি। তবে এখানে আমরা নিজেদের সেরা ক্রিকেট খেলতে চাই।"
বিসিবি কাপে শক্তির বিচারে তিন নম্বর দল একাডেমি দল। তাই জয়-পরাজয় নিয়ে ভাবছেন না মাহমুদুল। তিনি বলেন, "জয়-পরাজয় নিয়ে ভাবছি না। টুর্নামেন্টে আমরা চারটি ম্যাচ খেলবো। প্রতিটি ম্যাচ নিয়ে আলাদা ভাবনা রয়েছে। ম্যাচগুলো শেষ হলে দেখবো আমরা কতদূর এগোতে পারি।"
"আমাদের লক্ষ্য ভালো ক্রিকেট খেলা। প্রত্যেকে নিজের সেরা ক্রিকেট খেলতে পারলে ফলাফল আমাদের পক্ষেও আসতে পারে," যোগ করেন তিনি।
তিনি বলেন, "দলের সবাই তরুণ এবং নিজেদের সেরাটা দেয়ার জন্য মুখিয়ে আছেন। প্রত্যেকে নিজের সেরা ক্রিকেট খেললে শেষ পর্যন্ত দলই উপকৃত হবে। সেটাই হবে আমাদের অনুপ্রেরণা।"
স্পিন বিভাগকে নিজেদের সবচেয়ে বড় শক্তি বলে মানছেন মাহমুদুল। তিনি বলেন, "স্পিন বিভাগই আমাদের সবচেয়ে বড় শক্তি। বিশেষ করে সোহাগ গাজী দক্ষিণ আফ্রিকায় যা করেছেন এখানে তার পুনরাবৃত্তি করতে পারলে অন্যরকম একটা কিছু ঘটতে পারে।"
সেই অন্যরকম কিছু ঘটুক আর না ঘটকু আন্তর্জাতিক ক্রিকেটের একটা স্বাদ এখানে পাবেন বলে মনে করেন মাহমুদুল। তিনি বলেন, "এতো জন আন্তর্জাতিক মানের ক্রিকেটারের বিপক্ষে খেলা হবে সবচেয়ে বড় অর্জন। এটা হবে অনেক বড় একটা অভিজ্ঞতা। আন্তর্জাতিক ক্রিকেটের একরকমের স্বাদ এখানে আমরা পাবো।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৭৩২ ঘ.
bdnews24