ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রতি বছর বিসিবি কাপ আয়োজনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তামিম ইকবাল।
বিসিবি কাপ উপলক্ষ্যে শুক্রবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ দলের দ্বিতীয় দিনের অনুশীলন শেষে তিনি বলেন, "বিসিবি কাপের আয়োজনকে আমি ইতিবাচক মনে করি। এটা বিসিবির ভালো সিদ্ধান্ত।"
বাংলাদেশ দল, বাংলাদেশ 'এ' দল ও জাতীয় ক্রিকেট একাডেমি দলকে নিয়ে ১২ সেপ্টেম্বর থেকে দ্বৈত লিগ পদ্ধতিতে বিসিবি কাপ শুরু হবে। প্রথম খেলায় মুখোমুখি হবে বাংলাদেশ দল ও একাডেমি দল। সব খেলা হবে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। চূড়ান্ত খেলা হবে ২১ সেপ্টেম্বর।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "প্রতিযোগিতামূলক খেলা সব সময়ই ভালো। আমি মনে করি আমাদের সঙ্গে 'এ' ও একাডেমি দলের বেশ প্রতিযোগিতা হবে।"
"এই টুর্নামেন্ট খেলে খেলোয়াড়রা অনেক কিছু শিখতে পারবেন," যোগ করেন তিনি।
তিনি বলেন, "একাডেমি ও 'এ' দলের ক্রিকেটাররা ভালো করলে তাদের জাতীয় দলে ঢোকার পথ সুগম হবে। আর জাতীয় দলে যারা আছেন তারা ভালো করলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো খেলার আত্মবিশ্বাস বেড়ে যাবে।"
একাডেমি ও 'এ' দলের প্রশংসা করলেও টুর্নামেন্টে বাংলাদেশ দলের খেলোয়াড়রা চাপে থাকবে না বলে মনে করছেন তামিম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২০০৮ ঘ.
bdnews24