২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থের কাছে ক্রিকেটকে বলি দেবেন না: কপিল

প্রচুর ম্যাচ খেলার জন্য ক্লান্তি ভর করছে ক্রিকেটারদের ওপর। চোটও পাচ্ছেন অনেকে। আর ভারত যখন এর মূল্য দিচ্ছে, ঠিক সেই মুহূর্তে সাবেক অধিনায়ক কপিল দেব অর্থের কাছে ক্রিকেটকে বলি না দেয়ার আহ্বান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2011, 11:07 AM

Updated : 24 Aug 2022, 03:55 PM

ঢাকা, সেপ্টেম্বর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রচুর ম্যাচ খেলার জন্য ক্লান্তি ভর করছে ক্রিকেটারদের ওপর। চোটও পাচ্ছেন অনেকে। আর ভারত যখন এর মূল্য দিচ্ছে, ঠিক সেই মুহূর্তে সাবেক অধিনায়ক কপিল দেব অর্থের কাছে ক্রিকেটকে বলি না দেয়ার আহ্বান জানিয়েছেন। সাউদাম্পটনের রোজ বৌলে তিনি বলেন, "অর্থ নিঃসন্দেহে অনুপ্রেরণা দিয়ে থাকে। তাই একে খারাপ চোখে দেখার কোনো মানে হয় না। আপনি যতোটা পারেন অর্থ উপার্জন করুন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনাকে খেলার মতো পুরো সুস্থ থাকতে হবে।" আহত হলে মৌসুম শেষে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলে খেলার মতো তিনি সুস্থ হয়ে উঠতেন বলে উল্লেখ করে সাবেক অল-রাউন্ডার বলেন, "দুর্ভাগ্যবশত, বর্তমানের খেলোয়াড়দের কাছে মৌসুম বলতে কিছুই নেই, খেলতে হয় সারা বছর। কেননা প্রত্যেকেই লোভী। বেশি বেশি অর্থ রোজগার করতে চাইছেন সবাই। আশা করছি, অবিরাম খেলে যাওয়ার প্রতিক্রিয়া থেকে আমরা শিক্ষা নেবো, খেলোয়াড়রা শিক্ষা নেবেন, প্রশাসকরাও শিক্ষা নেবেন।" ভারতীয় পেসারদের উদ্দেশ্যে তিনি বলেন, "ড্রেসিং রুমে কিংবা কম্পিউটারের সামনে বসে থেকে আপনি কখনো ক্রিকেটার হবেন না। মৌলিক বিষয়গুলোর পাশাপাশি কঠোর পরিশ্রম করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব বিষয় মেনে চললে আপনি বহুদিন খেলতে পারবেন।" "ভারতের হয়ে খেলা বড় কোনো বিষয় নয়। কিন্তু আপনি কি দশ বছর খেলতে পারবেন? আগে নিজেই নিজেকে জিজ্ঞেস করুন, যদি উত্তর 'হ্যাঁ' হয়; তাহলে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে," যোগ করেন তিনি। ইংল্যান্ড সফররত ভারতীয় পেসারদের প্রশিক্ষণে ঘাটতি ছিল বলে মনে করেন কপিল। তিনি বলেন, "গত ১৫ বছরে আমি বহু প্রতিভাবান ফাস্ট বোলারকে মাঠে নামতে দেখেছি। কিন্তু চোটের কারণে তাদের খেলোয়াড়ী-জীবন থেমে গেছে মাঝ পথে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/টিএ/১৬৫৪ ঘ.