২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম দিনেই ভালো অবস্থায় অস্ট্রেলিয়া

দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই সুবিধাজনক অবস্থায় পৌঁছে গেছে অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কার প্রথম পালার ১৭৪ রানের জবাবে বিনা উইকেটে রান করেছে ৬০।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2011, 09:51 AM

Updated : 24 Aug 2022, 03:55 PM

ঢাকা, সেপ্টেম্বর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই সুবিধাজনক অবস্থায় পৌঁছে গেছে অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কার প্রথম পালার ১৭৪ রানের জবাবে বিনা উইকেটে রান করেছে ৬০। উইকেটে আছেন শেন ওয়াটসন ৩৬ রান নিয়ে। অন্য প্রান্তে ২৩ রানে অপরাজিত রয়েছেন ফিল হিউজেস। পালে¬কেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের উইকেটটি শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের জন্য 'মাইনফিল্ড' হয়ে উঠলেও রানের ফুলঝুড়ি ছোটান অস্ট্রেলীয়রা। আক্ষরিক অর্থেই শ্রীলঙ্কার বোলাররা কোনো সুবিধাই করতে পারেননি। ১৭ ওভারেরও বেশি বল করে আদায় করে নিতে পারেননি একটি উইকেটও। দুই উদ্বোধনী ব্যাটসম্যান ওয়াটসন ও হিউজেস দিনের শেষ পর্যন্ত ব্যাট করে তোলেন ৬০ রান। ওয়াটসনের ৫৩ বলের ইনিংসে রয়েছে ছয়টি চার। আর হিউজেস তার ৫৪ বলের ইনিংসটি সাজিয়েছেন চারটি চার দিয়ে। সকালে টস জিতে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়ার বোলারদের মারাত্মক বোলিংয়ের মুখে দিক হারিয়ে ফেলেন স্বাগতিক ব্যাটসম্যানরা। থারাঙ্গা পারানাভিতানাকে দিয়ে শুরু করেন রায়ান হ্যারিস। এরপর শুরু হয়ে যায় ব্যাটসম্যানদের উইকেটে আসা ও ফিরে যাওয়ার পালা। হ্যারিস ছাড়াও ট্রেন্ট কপল্যান্ড, মিচেল জনসন ও নাথান লিয়নকে খেলতেই পারেননি তারা। ব্যতিক্রম ছিলেন কেবল অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস ও সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা। ১১১ বল খেলে ছয়টি চার ও তিনটি ছক্কার সাহায্যে ৫৮ রান করেন ম্যাথিউস। আর ৪৮ রান করেন সাঙ্গাকারা ১২১ বলে। দড়ির ওপারে বল পাঠান তিনি সাতবার। হ্যারিস ৩ উইকেট নেন ২৩ রানে। এছাড়া দু'টো করে উইকেট নেন কপল্যান্ড, লিয়ন ও জনসন। এ জন্য কপল্যান্ড দেন ২৪ রান। লিয়ন দেন ৪১। আর জনসন ৪৮। তিন টেস্টের সিরিজের প্রথমটি জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৭৫৩ ঘ.