২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চিমায় মুগ্ধ মহসিন

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে ভালো বল করায় আজিজ চিমার উচ্ছ্বসিত প্রসংশা করেছেন পাকিস্তানের প্রধান নির্বাচক মহসিন খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2011, 02:49 PM

Updated : 24 Aug 2022, 03:54 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে ভালো বল করায় আজিজ চিমার উচ্ছ্বসিত প্রসংশা করেছেন পাকিস্তানের প্রধান নির্বাচক মহসিন খান। মহসিন বলেন, "সুযোগ পেয়েই নিজেকে প্রমাণ করেছেন চিমা। জিম্বাবুয়ে সফরে পেসারদের নিজেদের সামনে নিয়ে আসার একটা সুযোগ ছিল। চিমা সেই সুযোগ কাজে লাগিয়েছেন।" পাকিস্তানের পক্ষে অভিষেকে এখন দ্বিতীয় সেরা বোলিং ফিগার চিমার। ম্যাচে তিনি ৮ উইকেট নেন ১০৩ রানে। এক্সপ্রেস ট্রিবিউনকে মহসিন বলেন, "এই সফর নতুনদের নিজেদের প্রমাণের সুযোগ ছিল। তারা আমাদের সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করেছেন। চিমার প্রশংসা করে মহসিন বলেন, "আমি তার প্রত্যেকটি বল দেখেছি। 'কমিটমেন্ট' ও 'ফিটনেস' দিয়ে তিনি আমাকে মুগ্ধ করেছেন।" যদিও এই জয়কে বড় প্রাপ্তি মানতে নারাজ মহসিন। তার যুক্তি ক্রিকেট বিশ্বের শীর্ষস্থানীয় কোনো দেশের বিপক্ষে এই জয় আসেনি। বরং চিমার মত একজন পেসারকে খুঁজে পাওয়াই বড় প্রাপ্তি বলে মনে করছেন তিনি। যা পাকিস্তান দলের জন্য সহায়ক হবে বলে জানান। জিম্বাবুয়ে সফরে ওমর গুল ও ওয়াহাব রিয়াজকে বিশ্রাম দেয় পাকিস্তান। সোহেল তানভির, জুনায়েদ খান ও চিমাকে নিয়ে নতুন চেহারার পেস আক্রমণ নিয়ে টেস্ট খেলতে নামে সফরকারীরা। তিন পেসার সব মিলিয়ে নেন ১০ উইকেট। সীমিত ওভারের ক্রিকেটে জিম্বাবুয়েকে শক্ত প্রতিপক্ষ মানছেন মহসিন। তিনি বলেন, "জিম্বাবুয়েকে হাল্কাভাবে নেয়ার কোনো সুযোগ নেই।" একমাত্র টেস্ট শেষে পাকিস্তান জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি একদিনের ম্যাচ ও দুটি টি-টোয়েন্টি খেলবে। ৮ সেপ্টেম্বর বুলাওয়েতে একদিনের সিরিজ শুরু হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/২০৪৬ ঘ.