ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রিকি পন্টিংয়ের বদলে পাল্লেকেলে টেস্টে অভিষেক হচ্ছে শন মার্শের। প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট জেতা পন্টিংয়ের প্রিয় জায়গা তিন নম্বরে খেলবেন তিনি।
এছাড়া দ্বিতীয় টেস্টের জন্য দল অপরিবর্তিত থাকছে বলে নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক।
প্রথম টেস্ট শেষে সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে পন্টিং দেশে ফিরে গেলে মার্শের সামনে টেস্ট অভিষেকের দরজা খুলে যায়। যদিও দলে উসমান খাজা থাকার পরও তিন নম্বরে মার্শের খেলার সিদ্ধান্ত এক রকম বিস্ময় হয়েই এসেছে।
এর আগে পন্টিংয়ের অনুপস্থিতিতে গত জানুয়ারিতে অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক হয় খাজার। সেবার তিন নম্বরে খেলেন খাজা। অবশ্য গল টেস্টে ব্যাট করেন ছয় নম্বরে।
ধারণা করা হচ্ছে নতুন বলে বেশি স্বচ্ছন্দ্য হওয়ায় তিন নম্বরে খেলার সুযোগ পাচ্ছেন মার্শ। অবশ্য অস্ট্রেলিয়ার হয়ে সীমিত ওভারের ক্রিকেটে উপরের সারিতেই ব্যাট করেন তিনি।
অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ব্র্যাড হ্যাডিন মার্শ সম্পর্কে বলেন, "পন্টিংকে হারানো খুব হতাশার। তবে মার্শের জন্য এটা একটা ভালো সুযোগ। তিনি একজন দারুণ খেলোয়াড়। অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে প্রায় এক দশক ধরে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলছেন তিনি। আমি মনে করি তিনি টেস্টের জন্য প্রস্তুত।"
দল: শেন ওয়াটসন, ফিল হিউজেস, শন মার্শ, মাইকেল ক্লার্ক (অধিনায়ক), মাইকেল হাসি, উসমান খাজা, ব্র্যাড হ্যাডিন (উইকেটরক্ষক), মিশেল জনসন, রায়ান হ্যারিস, ট্রেন্ট কপল্যান্ড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/১৭৫৩ ঘ.
bdnews24