২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাড়তি ওভারে খেলায় ফিরল জিম্বাবুয়ে

তৃতীয় দিন একটি বাড়তি ওভার পেয়ে সেটাকে কাজে লাগিয়ে বুলাওয়ে টেস্টে ফিরেছে জিম্বাবুয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2011, 10:52 AM

Updated : 24 Aug 2022, 03:53 PM

ঢাকা, সেপ্টেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তৃতীয় দিন একটি বাড়তি ওভার পেয়ে সেটাকে কাজে লাগিয়ে বুলাওয়ে টেস্টে ফিরেছে জিম্বাবুয়ে। এর আগে উপরের সারির ব্যাটসম্যানদের ভালো ব্যাটিংয়ের পাশাপাশি জিম্বাবুয়ের ফিল্ডারদের বাজে ফিল্ডিংয়ের সুবাদে নিজেদের অবস্থান সুসংহত করে পাকিস্তান। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে শনিবার তৃতীয় দিন শেষে নিজেদের প্রথম পালায় পাকিস্তানের সংগ্রহ ৫ উইকেটে ৩৫৭ রান। প্রথম পালায় এখনো সফরকারীরা ৫৫ রানে পিছিয়ে আছে। এর আগে নিজেদের প্রথম পালায় জিম্বাবুয়ে করে ৪১২ রান। ইউনুস খান ৬১ রানে অপরাজিত রয়েছেন। তিনি তার ১৯০ বলের ইনিংস সাজান ৫টি চার দিয়ে। ভালো ওভার রেটের কারণে নির্ধারিত ৯০ ওভার সময়ের আগেই শেষ হয়ে যাওয়ায় একটি বাড়তি ওভার মেলে জিম্বাবুয়ের। ওই ওভারের প্রথম বলেই উমর আকমলকে (১৫) তুলে নিয়ে দলকে খেলায় ফেরান গ্রেগ ল্যাম্ব। ১ উইকেটে ১১৬ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে পাকিস্তান। তৃতীয় দিন ৪ উইকেট হারিয়ে যোগ করে আরো ৩৪১ রান। আগের দিন হাফিজ ৭৯ ও আজহার ২৭ রানে অপরাজিত ছিলেন। দেখেশুনেই তৃতীয় দিনের খেলা শুরু করেন হাফিজ ও আজহার। জিম্বাবুয়ের বোলারদের কোনো সুযোগ না দিয়ে দলের রান আস্তে আস্তে বাড়িয়ে নিচ্ছিলেন তারা। দ্বিতীয় উইকেটে মোহাম্মদ হাফিজ ও আজহার আলী ১৮৮ রানের জুটি গড়ে পাকিস্তানকে ভালো অবস্থানে নিয়ে যান। কিন্তু নিজের তৃতীয় শতকে পৌঁছার পর হঠাৎ করেই যেন খেই হারিয়ে ফেলেন হাফিজ। দলীয় ১৯৬ রানের মাথায় হ্যামিল্টন মাসাকাদজার একটি নির্বিষ বলে নিজের উইকেট একরকম উপহার দিয়েই হাফিজ (১১৯) মাঠ ছাড়লে খেলায় ফিরে জিম্বাবুয়ে। এটি তার সর্বোচ্চ রান। তার ১৭৭ বলের ইনিংসে ১৯টি চার ও ১টি ছয় রয়েছে। দলীয় ২১৮ রানের মাথায় হাফিজকে অনুসরণ করেন আজহার (৭৫)। তার ১৯৩ বলের ইনিংসে ১১টি চার রয়েছে। সেট দুই ব্যাটসম্যানকে সাজঘরে ফেরত পাঠিয়ে সফরকারীদের বেশ চাপে ফেলে জিম্বাবুয়ে। ইনিংসের শুরুতে ইউনুস ও অধিনায়ক মিসবাহ-উল-হককে একাধিকবার জীবন দিয়ে খেলা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসার সুবর্ণ সুযোগ হারায় জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের খেলোয়াড়রা সুযোগ হাতছাড়া করলেও ইউনুস ও মিসবাহ সুযোগ কাজে লাগাতে ভুল করেন নি। ঠিক ১০০ রানের জুটি গড়ে দলকে আবারো ভালো অবস্থানে নিয়ে যান তারা। দলীয় ৩১৮ রানের মাথায় মিসবাহ (৬৬) ফিরে গেলে একা হয়ে পড়েন ইউনুস। তিনি তার ১১০ বলের ইনিংসটি সাজান ৯টি চার ও ১টি ছয় দিয়ে। জিম্বাবুয়ের পক্ষে ল্যাম্ব ৩ উইকেট নেন ৮৫ রানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২১১৭ ঘ.