ঢাকা, সেপ্টেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একদিনের সিরিজে ভারত ঘুরে দাঁড়াতে পারে বলে মনে করছেন ইংল্যান্ডের টি- টোয়েন্টি দলের অধিনায়ক স্টুয়ার্ট ব্রড।
পাঁচ ম্যাচের একদিনের সিরিজের প্রথমটি হবে শনিবার চেস্টার লি স্ট্রিটে।
ব্রডের নেতৃত্বে বুধবার রাতে ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে একমাত্র টি-টোয়েন্টি খেলায় ইংল্যান্ড জেতে ৬ উইকেটে।
খেলা শেষে ব্রড বলেন, "ভারত দলে কয়েকজন বিশ্বমানের খেলোয়াড় আছেন। এছাড়া একদিনের খেলায় বিশ্ব চ্যাম্পিয়নও তারা। তাই তাদের হাল্কাভাবে নেয়া ঠিক হবে না।"
ভারত কি হারের বৃত্ত থেকে বের হয়ে আসতে পারবে? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, "অবশ্যই। আমরা জানি, ভরত কতটা ভয়ঙ্কর দল। তাই আমরা যে ভালো খেলছি তার ধারাবাহিকতা ধরে রাখা আমাদের প্রয়োজন।"
ব্রড তার তরুণ ফাস্ট বোলার জ্যাড ডার্নব্যাচ ও ব্যাটসম্যান ইয়ন মার্গানের প্রশংসা করেন। ডার্নব্যাচ ৪ উইকেট নেন ২২ রানে। আর মর্গান করেন ৪৯ রান। টি-টোয়েন্টি অধিনায়ক তাদের জয়ের নায়ক বলেও অভিহিত করেন।
মর্গান সম্পর্কে তিনি বলেন, "তিনি (মর্গান) যেভাবে ব্যাট করেছেন সেকথা আলাদা করে বলতেই হয়। তিনিই রবি বোপারাকে বল প্রতি রান তোলার সুযোগ করে দেন।"
খেলা সম্পর্কে ব্রড বলেন, "প্রথম দশ ওভারো সব কিছুই আমাদের বিপক্ষে যাচ্ছিল। এই বিষয়টি নিয়ে আমাদের ভেবে দেখা উচিত।"
"কিন্তু পরের দশ ওভারে যেভাবে আমরা ঘুরে দাঁড়িয়েছি, সে কথা অবশ্যই বলতে হয়। ভারতের সব ব্যাটসম্যানকে ২০ ওভারের মধ্যে আউট করা নিঃসন্দেহে অসাধারণ একটা কাজ। আমরা জানি, শেষ দশ ওভারে উইকেট পড়তে থাকায় ভারতের ওভার প্রতি রান তোলার হার কমে যায়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৬৩৪ ঘ.
bdnews24