ঢাকা, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজনীতির প্রভাব বলয় থেকে পাকিস্তানের ক্রিকেটকে বের করে আনা নিয়ে উল্টো পথে হাঁটছেন সে দেশের ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রশাসক ও দেশটির ক্রিকেটাররা। প্রেসিডেন্টের বোর্ড প্রধান নিয়োগের প্রয়োজন রয়েছে বলে বোর্ড দাবি করলেও সাবেক ক্রিকেটররা তা মনে করছেন না।
পাকিস্তানে বোর্ড প্রধান নিয়োগ করে থাকেন প্রেসিডেন্ট। এদিক দিয়ে বাংলাদেশ ও শ্রীলঙ্কার সঙ্গে কোনো অ-মিল নেই দেশটির। এ দু'টি দেশেও এ কাজটি করে থাকেন সরকার প্রধান।
কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) রাজনীতির কবল থেকে বোর্ডগুলোকে বের করে আনার জন্য ২০১৩ সালের জুন মাস পর্যন্ত সময় বেঁধে দিয়েছে। নইলে সাময়িকভাবে নিষিদ্ধসহ বিভিন্ন ধরনের ব্যবস্থা নেয়া হতে পারে।
বোর্ড বলেছে, প্রেসিডেন্টের এর প্রধান নিয়োগের প্রয়োজন রয়েছে। আর এই পদ্ধতিতে কোনো অশুবিধা হচ্ছে না। এতদিন তো ভালোই কাজে দিয়েছে।
কিন্তু সাবেক কয়েকজন খেলোয়ড় এমনটা মনে করছেন না। তাদের মধ্যে অন্যতম পাকিস্তানের বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক ইমরান খান। এই পদ্ধতির ঘোর বিরোধী তিনি। বলেন, "আমদের নির্বাচিত প্রধান ও কাউন্সিল দরকার। ক্রিকেট বোর্ডকে প্রতিষ্ঠানে রুপ দিতে পারলে পাকিস্তান বিশ্ব ক্রিকেট ছড়ি ঘোরাতে পারবে। কেননা অন্যান্য দেশের চেয়ে আমাদের দেশে প্রতিভার সংখ্যা বেশি।"
সাবেক স্পিনার ইকবাল কশিমও তার সঙ্গে সুর মেলান। তিনি মনে করেন, খারাপ প্রশাসনের কারণে জাতীয় দল এগোতে পারছে না। "আমাদের যথাযথ একটা ব্যবস্থা গড়ে তোলা দরকার। বোর্ডকে ঢেলে সাজানোর প্রয়োজন হলে তা করতে হবে। সেই সঙ্গে বাড়াতে হবে সাবেক ক্রিকেটারদের প্রতিনিধিত্ব," যুক্তি দিয়ে বলেন তিনি।
কেন এই পরিবর্তন চাইছেন সাবেক ক্রিকেটাররা? এই প্রশ্নের উত্তর কিন্তু লুকিয়ে আছে পিসিবির ইতিহাসের মধ্যে। ১৯৪৮ সালের পর বোর্ডের প্রধান হয়েছেন ২৬ জন। তাদের মধ্যে মাত্র পাঁচজন সাবেক ক্রিকেটার।
মূলত এই পদটি যায় সামরিক বাহিনী, বিচারক কিংবা রাজনীতিকদের কাছে।
প্রেসিডেন্টের বোর্ড প্রধান নিয়োগের পদ্ধতি বহাল রাখার ব্যাপারে যুক্তি দিতে গিয়ে বোর্ড বলছে, এই পদ্ধতির কারণেই পাকিস্তান ৬০ বছর ধরে ক্রিকেট দুনিয়ার শীর্ষ দেশগুলোর কাতারে রয়েছে।
সব কিছু পাকিস্তানের উপর চাপিয়ে দেয়াও ঠিক নয় বলে বোর্ড মনে করছে। এ প্রসঙ্গে তারা বলেছে, দেশের নিরাপত্তা ব্যবস্থা ভালো নয়। এর সঙ্গে তাদের লড়তে হচ্ছে প্রতিনিয়ত।
এই নিরাপত্তাহীনতার কারণে বিদেশি কোনো দল পাকিস্তান সফর করতে চায় না। ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দলের বাসে গুলি চালানো হয়। এতে নিহত হয় আট পাকিস্তানি। আহত হন সাত খেলোয়ড় ও সহকারী কোচদের একজন। এ কথা তুলে ধরে বোর্ড বলছে, "এ কারণেই আমাদের সরকারের সমর্থন প্রয়োজন। কেননা সফররত দলের নিরাপত্তার নিশ্চয়তা কেবল সরকারই দিতে পারে।"
প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির মুখপাত্র ফারহাতুল্লাহ বাবর এ ব্যাপারে বলেন, আইসিসির নির্দেশের সঙ্গে সঙ্গতি রেখে সংবিধান সংশোধন করার মতো পর্যাপ্ত সময় পিসিবির হাতে রয়েছে।
"বোর্ড নতুন সংবিধান নিয়ে কাজ করছে এবং কিভাবে তা এগিয়ে যাচ্ছে, তা জানার জন্য আমরা অপেক্ষা করছি," বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৫২৮ ঘ.
bdnews24