২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের যথার্থ পরিকল্পনা ছিল না: কপিল

ইংল্যান্ডের কাছে আইসিসি র‌্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান বিসর্জন দেয়ায় ভারত দলের তীব্র সমালোচনা করেছেন সাবেক অধিনায়ক কপিল দেব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2011, 12:34 PM

Updated : 24 Aug 2022, 03:51 PM

ঢাকা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ডের কাছে আইসিসি র‌্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান বিসর্জন দেয়ায় ভারত দলের তীব্র সমালোচনা করেছেন সাবেক অধিনায়ক কপিল দেব। ইংল্যান্ডের কাছে চার টেস্টের সিরিজের সব খেলায় হার মানে ভারত। ১৯৫৯ সালের পর এত জঘন্যভাবে আর কখনোই হারেনি দলটি। ১৯৫৯ সালেও পাঁচ টেস্টের সিরিজের সব খেলাতে ভারত হারে। কপিল দেব বলেন, "ইংল্যান্ড দলকে মোকাবিলা করার মতো প্রস্তুতি ভারতীয় খেলোয়াড়দের ছিল না।" এই মুহূর্তে ইংল্যান্ড চমৎকার ক্রিকেট খেলছে বলে তিনি মনে করেন। সাবেক অলরাউন্ডার বলেন, "এপ্রিলে বিশ্বকাপ জয়ের পর ভারতের খেলোয়াড়রা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলেন। এরপর ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে জেতেন অনভিজ্ঞ একটি দলের বিপক্ষে। তাই তারা ভেবেছিল ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে খেলা খুবই সহজ।" বিরামহীনভাবে ক্রিকেট খেলে যাওয়ায় ইংল্যান্ডে পৌঁছার আগে ভারতীয়রা ক্লান্ত হয়ে পড়েন বলে যে খবর প্রচার করা হচ্ছে, তা উড়িয়ে দিয়ে তিনি বলেন, কঠিন এই সফর নিয়ে যথার্থ কোনো পরিকল্পনা নেয়া হয়নি। "বোলারদের আরো পরিশ্রম করতে হবে। যথাযথ প্রশিক্ষণ ছাড়া ভালো করার কোনো শর্ট-কাট রাস্তা নেই। আসলে খেলোয়াড়রা পুরোপুরি প্রস্তুত ছিলেন না," বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৮০৩ ঘ.