২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধোনির হাতে ব্যথা: নিক্সন

ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির হাতে ব্যথা রয়েছে বলে মনে করছেন ইংল্যান্ডের সাবেক উইকেটরক্ষক পল নিক্সন। অন্তত উইকেটের পেছনে ধোনির আচরণ দেখে তার এমনটাই মনে হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2011, 10:21 AM

Updated : 24 Aug 2022, 03:51 PM

ঢাকা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির হাতে ব্যথা রয়েছে বলে মনে করছেন ইংল্যান্ডের সাবেক উইকেটরক্ষক পল নিক্সন। অন্তত উইকেটের পেছনে ধোনির আচরণ দেখে তার এমনটাই মনে হয়েছে। নিক্সন বলেন, "ধোনি বিশ্ব মানের উইকেটরক্ষক। অধিনায়ক হিসেবেও শক্তিশালী চরিত্র। হয়তো ইংল্যান্ডের বিপক্ষে নিজের সেরাটা ঢেলে দিতে পারছেন না। কিন্তু এটাই ক্রিকেট।" ধোনির হাতে ব্যথা রয়েছে, এমনটা মনে হওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, "হাতের অবস্থান ও পা ফেলার ধরণ দেখে আমার মনে হয়েছে তার হাতে ব্যথা রয়েছে। কেননা তিনি বল ধরছেন খুব সাবধানে। একজন উইকেটরক্ষক তখনই এভাবে বল ধরেন যখন তার হাতে ব্যথা থাকে।" এ ব্যাপারে ধোনির সঙ্গে তিনি কথা বলবেন বলে জানান। "এই ধরনের চোট সারানোর জন্য বড় মাপের খেলোয়াড়দের বিশ্রাম নিতে হয়," যোগ করেন নিক্সন। সেই সঙ্গে বলেন, প্রতিভাবান খেলোয়াড়দের সুযোগ দেয়ার মধ্য দিয়ে নামিদামি খেলোয়াড়দের বিশ্রাম দেয়া যেতে পারে। নিজেদের দলের প্রশংসা করতে গিয়ে নিক্সন বলেন, "গত কয়েক সপ্তাহ ধরে দল নির্বাচনের ক্ষেত্রে ইংল্যান্ডের নির্বাচকরা খুবই বিচক্ষণতার পরিচয় দিচ্ছেন। সঠিক জায়গায় খেলানোর জন্য সঠিক খেলোয়াড়কে বেছে নিচ্ছে। ভারতকেও এটা করতে হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৬১৬ ঘ.