২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন লিচেস্টারশায়ার

ফ্রেন্ড লাইফ টি-টোয়েন্টি শিরোপা জিতেছে লিচেস্টারশায়ার। ফাইনালে সামারসেটকে ১৮ রানে হারায় তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2011, 02:32 PM

Updated : 24 Aug 2022, 03:51 PM

ঢাকা, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফ্রেন্ড লাইফ টি-টোয়েন্টি শিরোপা জিতেছে লিচেস্টারশায়ার। ফাইনালে সামারসেটকে ১৮ রানে হারায় তারা। এই নিয়ে তৃতীয়বার এই শিরোপা জিতলো লিচেস্টারশায়ার। এর আগে তারা শিরোপা জেতে ২০০৪ ও ২০০৬ সালে। এজবাস্টনে টস জিতে লিচেস্টাশায়ারকে ব্যাটিংয়ে পাঠায় সামারসেট। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৫ রান করে লিচেস্টারশায়ার। রান তাড়া করতে গিয়ে ৯ উইকেটে ১২৭ রানে থেমে যায় সামারসেটের পালা। সামারসেটের পালা যেভাবে এগোচ্ছিল, তাতে মনে হচ্ছিল তারাই জিততে চলেছে। ৪২ রানের মধ্যে উদ্বোধনী ব্যাটসম্যান অধিনায়ক মার্কাস ট্রেসকোথিক (১৪ বলে ১৬ রান) ও ক্রেগ কিসওয়েটার (২০ বলে ১৭ রান) সাজঘরে ফিরে গেলেও পিটার ট্রেগো ও জেমস হিলড্রেথ দলকে ভালোভাবেই এগিয়ে নিতে থাকেন। তৃতীয় উইকেট জুটিতে ৩৬ বলে ৪২ রান যোগ করেন তারা। দলীয় ৮৪ রানের মাথায় হিলড্রেথের (২০) বিদায়ের পর হুড়মুড় করে ভেঙে পড়ে সামারসেটের পালা। দলের পক্ষে সবচেয়ে বেশি ২৫ বলে ৩৫ রান করেন ট্রেগো। লিচেস্টাশায়ারের পক্ষে ২২ রানে ৪ উইকেট নেন জোশুয়া কোব। এর আগে ঝড়ের গতিতে রান তোলেন লিচেস্টারশায়ারের উদ্বোধনী ব্যাটসম্যান আব্দুল রাজ্জাক ও কোব। দলীয় ২৪ রানের মাথায় কোব ফিরে গেলেও লিচেস্টাশায়ারের ঝড় থামেনি। তিন নম্বর ব্যাটসম্যান উইল জেফারসন সামারসেটের বোলারদের নাকাল করে যেতে থাকেন। দ্বিতীয় উইকেট জুটিতে রাজ্জাক ও জেফারসন দলের সঙ্গে ৫৩ বলে ৭০ রান যোগ করেন। দলীয় ৯৪ রানের মাথায় রাজ্জাক (৩৩ রান) ও ৯৬ রানের মাথায় জেফারসন (৩৫ রান) সাজঘরে ফিরে গেলে কিছুটা হলেও খেলায় ফিরে আসে সামারসেট। দলের সঙ্গে আর ৬ রান যোগ হতে আরো দুই ব্যাটসম্যানকে হারায় লিচেস্টারশায়ার। এতে রীতিমতো বিপদে পড়ে যায় দলটি। শেষ পর্যন্ত জেমস টেইলরের ১৫ বলে অপরাজিত ১৮ ও ওয়েন হোয়াইটের ৫ বলে অপরাজিত ১০ রানের সুবাদে লড়াই করার মত পুঁজি পায় লিচেস্টারশায়ার। সামারসেটের পক্ষে ২টি করে উইকেট নেন কিয়েরন পোলার্ড ও আরুল সুপ্পিহ। এজন্য পোলার্ড দেন ২৪ রান। সুপ্পিহ দেন ২৭। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৯৩৭ ঘ.