ঢাকা, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি দলে রাখা হলে কেভিন পিটারসেনকে বিশ্রাম দেয়া হয়েছে একদিনের সিরিজে। ১৪ সদস্যের একদিনের ইংল্যান্ড দলে জায়গা পেয়েছেন বেন স্টোকস।
পিটারসেনকে দল থেকে বাদ দেয়া হয়নি, তাকে বিশ্রাম দেয়া হয়েছে বলে জোর দিয়ে জানান নির্বাচক জিওফ মিলার। তিনি বলেন, খেলোয়াড়দের 'কাজর-ভার' ভাগাভাগি করে দেয়ার অংশ হিসেবে তাকে বিশ্রাম দেয়া হয়েছে।
ভারতের বিপক্ষে চার টেস্টের সিরিজে সবচেয়ে বেশি রান করলেও একদিনের সিরিজে পিটারসেনের ব্যাট সেভাবে হাসছে না। ২০০৮ সালের নভেম্বর থেকে মাত্র দু'টি অর্ধশতক হাঁকান তিনি।
আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র একদিনের খেলায় যে তিনজনের অভিষেক হয়, তাদের মধ্য থেকে দলে নেয়া হয়েছে কেবল স্টোকসকে। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষেও তার খেলার কথা ছিল। কিন্তু আঙ্গুলে চোট পাওয়ায় তিনি খেলতে পারেননি।
এছাড়া ইংল্যান্ড দলে চোখে পড়ার মতো কোনো পরিবর্তন আনা হয়নি।
আর টি-টোয়েন্টি দলে নেয়া হয়েছে সামারসেটের উইকেটরক্ষক-ব্যাটসম্যান জোস বাটলার ও নটিংহ্যামশায়ারের উদ্বোধনী ব্যাটসম্যান অ্যালেক্স হ্যালসকে।
পাঁচ ম্যাচের একদিনের সিরিজের প্রথমটি হবে ৩ সেপ্টেম্বর চেস্টার লি স্ট্রিটে। আর টি-টোয়েন্টি খেলাটি হবে ওল্ড ট্র্যাফোর্ডে ৩১ অগাস্ট।
টি-টোয়েন্টি দল: স্টুয়ার্ট ব্রড (অধিনায়ক), রবি বোপারা, টিম ব্রেসন্যান, জোস বাটলার, জ্যাড ডার্নব্যাচ, স্টিভেন ফিন, অ্যালেক্স হ্যালস, ক্রেগ কিসওয়েটার (উইকেটরক্ষক), ইয়ন মর্গান, সমিত প্যাটেল, কেভিন পিটারসেন, বেন স্টোকস ও গ্রায়েম সোয়ান।
একদিনের দল: অ্যালিস্টার কুক (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, ইয়ান বেল, রবি বোপারা, টিম ব্রেসন্যান, স্টুয়ার্ট ব্রড, জ্যাড ডার্নব্যাচ, স্টিভেন ফিন, ক্রেগ কিসওয়েটার (উইকেটরক্ষক), ইয়ন মর্গান, সমিত প্যাটেল, বেন স্টোকস, গ্রায়েম সোয়ান ও জনাথন ট্রট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৯২৩ ঘ.
bdnews24