ঢাকা, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শ্রীলঙ্কার বিপক্ষে তিন টেস্টের সিরিজ শুরুর আগে প্রস্তুতি খেলাটিকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন উসমান খাজা।
পি সারা ওভালে শ্রীলঙ্কা বোর্ড একাদশের বিপক্ষে ড্র হওয়া প্রস্তুতি ম্যাচে শতক হাঁকান খাজা (১০১ রান)। এর মধ্য দিয়ে প্রথম টেস্টে মাঠে নামার যেন দাবি জানিয়ে রাখলেন তিনি। তবে তিনি শুধু একাই নন, প্রস্তুতি খেলায় খেলে পুরো দলই লাভবান হয়েছে বলে মনে করেন খাজা।
গলে প্রথম টেস্ট খেলার দৌড়ে অবশ্য খাজার চেয়েও খানিকটি এগিয়ে রয়েছেন ট্রেন্ট কপল্যান্ড। স্বাগতিক দলের প্রথম পালায় তিনি ৫ উইকেট নেন ৪৭ রানে।
৩১ অগাস্ট শুরু হচ্ছে দুই দলের মধ্যে তিন টেস্টের সিরিজের প্রথমটি।
যারা ভালো করেছেন শুধু তারাই নন, দলের সবাই টেস্টের জন্য প্রস্তুত বলে মনে করেন খাজা। তিনি বলেন, "শ্রীলঙ্কায় দেশের তুলনায় গরম ও আদ্রতা অনেক বেশি।"
"গলের উইকেটে বোলাররা যেমন সুবিধা পাবেন, তেমনি ব্যাটসম্যানদের জন্যও যথেষ্ট রান রয়েছে। সুবিধা পাবেন দুই পক্ষই," বলেন তিনি।
খাজা বলেন, "প্রথম দিন আমরা ভালো বল করেছি। বিশেষ করে, কপল্যান্ডের কথা বলতেই হয়।"
মাঠে অনুশীলন নয়, ভালো করতে হলে বেশি প্রস্তুতি ম্যাচ খেলা প্রয়োজন বলে মনে করেন খাজা। তিনি বলেন, "তুমি যতো চাও অনুশীলন করতে পারো। কিন্তু কোনোভাবেই তা প্রস্তুতি ম্যাচের সমান ফলদায়ক হবে না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৮০৬ ঘ.
bdnews24