ঢাকা, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শ্রীলঙ্কা বোর্ড একাদশের বিপক্ষে তিনদিনের প্রস্তুতি ম্যাচে ব্যাটিং অনুশীলন ভালো হলেও বোলিং অনুশীলন ভালো হয়নি অস্ট্রেলিয়ার।
ড্র হওয়া প্রস্তুতি ম্যাচে শতক হাঁকান অস্ট্রেলিয়ার দুই ব্যাটসম্যান। বোলারদের মধ্যে ট্রেন্ট কপল্যান্ড প্রথম পালায় ৫ উইকেট নিলেও দ্বিতীয় পালায় সব বোলারই ব্যর্থ হন।
বোর্ড একাদশ প্রথম পালায় ২৫৮ রান করে। জবাবে অস্ট্রেলিয়া করে ৩৯৩। ১৩৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় পালায় ব্যাট করতে নেমে খেলা শেষ হওয়ার আগ পর্যন্ত ২ উইকেটে ১৭৪ রান করে স্বাগতিকরা।
তৃতীয় দিন ৪৯ রানের মধ্যে থারাঙ্গা পরানাভিতানা (৫) ও থিলান সামারাবীরাকে (২৪) হারিয়ে বেশ চাপে পড়ে যায় স্বাগতিকরা। এ অবস্থায় হাল ধরেন লাহিরু থিরিমানে ও অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস।
অসমাপ্ত তৃতীয় উইকেট জুটিতে ১২৫ রান যোগ করেন তারা। শেষ পর্যন্ত থিরিমানে ১০০ ও ম্যাথিউস ৩০ রানে অপরাজিত ছিলেন। থিরিমানে তার ১৬১ বলের ইনিংসটি সাজান ১২টি চার ও ১টি ছক্কা দিয়ে।
অস্ট্রেলিয়ার পক্ষে কপল্যান্ড ও নাথান লিয়ন একটি করে উইকেট নেন।
এর আগে ৫ উইকেটে ৩১১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। অধিনায়ক মাইকেল ক্লার্ক ৬১ ও পিটার সিডল ১৩ রানে অপরাজিত ছিলেন।
দিনের খেলার শুরুতে মোটে ৪ রান যোগ করে সাজঘরের পথ ধরেন সিডল (১৭)। এক প্রান্তে অবিচল ক্লার্ককে ভালো সঙ্গ দেন নবম ব্যাটসম্যান রায়ান হ্যারিস।
অষ্টম উইকেট জুটিতে তারা ৪৩ রান যোগ করেন। দলীয় ৩৭৫ রানের মাথায় নিজের শতকে পৌঁছার পরপর অবসর নেন ক্লার্ক (১০৪)। তার ১২৭ বলের ইনিংসে ১২টি চার ও ১টি ছয় রয়েছে।
দশম ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে হ্যারিস করেন ২৬ রান। এর আগে দ্বিতীয় দিন শতক আদায় করে নেন উসমান খাজা (১০১)।
বোর্ড একাদশের পক্ষে দিলরুয়ান পেরেরা ৩ উইকেট নেন ১৩৭ রানে।
অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা তিন টেস্ট সিরিজের প্রথমটি গলে শুরু হবে ৩১ অগাস্ট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৭৫০ ঘ.
bdnews24