ঢাকা, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তান ক্রিকেটের জন্য কোনো প্রধান কোচ প্রয়োজন নেই বলে মনে করছেন দেশটির সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি।
পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) পরামর্শ দিতে গিয়ে আফ্রিদি বলেন, প্রত্যেক বিভাগে আলাদা আলাদা বিশেষজ্ঞ কোচ নিয়োগ করা যেতে পারে। তবে তারা স্বাধীনভাবে নয়, বরং একজন 'শক্তিশালী' ম্যানেজারের অধীনে কাজ করবেন।
ওয়াকার ইউনুস পাকিস্তানের কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয়ার পর এই মন্তব্য করেন আফ্রিদি। ওয়াকারের সরে দাড়ানোর ঘোষণার পরপরই দলে ফেরার ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি।
বিশ্বকাপের পর পাকিস্তানের ওয়েস্ট ইন্ডিজ সফর চলা কালে কোচের সঙ্গে মত পার্থক্য ও পরে বোর্ডের সঙ্গে ঝামেলার কারণে এর আগে নাটকীয়ভাবে শর্ত সাপেক্ষে অবসরের ঘোষণা দেন আফ্রিদি।
এক্সপ্রেস ট্রিবিউনকে আফ্রিদি বলেন, "বোর্ডের একক কোনো কোচ নিয়োগ করার দরকার নেই। এর চেয়ে একজন ম্যানেজারের অধীনে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং কোচ থাকলেই হবে। প্রধান কোচ নিয়োগ না করাই হবে সবচেয়ে ভালো সিদ্ধান্ত। তবে ম্যানেজারকে যথেষ্ট শক্ত ও উপযুক্ত হতে হবে।"
আর প্রত্যেকে যদি অন্যের বিষয়ে নাক না গলিয়ে নিজের কাজটা ঠিকঠাক ভাবে করেন তবে সব কিছুই সহজ হয়ে যাবে বলে মনে করছেন আফ্রিদি।
তবে পিসিবি যদি প্রধান কোচ নিয়োগ দিতেই চায় সেই ক্ষেত্রে বব উলমারের মতো যোগ্যতা সম্পন্ন কাউকে নিয়োগের পরামর্শ দিয়েছেন আফ্রিদি। তিনি বলেন, "আমি বিদেশী বা স্থানীয় কোচ নিয়োগের বিতর্কে যাচ্ছি না। পাকিস্তানের প্রয়োজন যোগ্য একজন কোচ। আমাদের বব উলমারের মতো কাউকে প্রয়োজন যিনি যোগ্য এবং যার প্রচুর অভিজ্ঞতা রয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/১৭৩১ ঘ.
bdnews24