ঢাকা, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দলের 'সিনিয়র' খেলোয়াড়দের মতামতের উপর অধিক নির্ভরশীল হয়ে পড়ায় ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কড়া সমালোচনা করেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ইয়ান চ্যাপেল।
একই সঙ্গে চ্যাপেল বলেন, প্রধান নির্বাচক কৃষ্ণমাচারী শ্রীকান্তসহ নির্বাচক কমিটি তাদের দায়িত্বে অবহেলা করছে। এসময় নির্বাচক কমিটির যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটার।
ভারতের বোলিং আক্রমণ এমনভাবে গড়ে তুলতে হবে যাতে তারা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম হয় বলেও পরামর্শ দিয়েছেন চ্যাপেল।
ইএসপিএনক্রিকইনফোকে চ্যাপেল বলেন, "ক্রিকেটের তুলনায় অর্থ বানানোর দিকেই বিসিসিআইয়ের বেশি মনযোগ। নির্বাচকরা নিজেদের দায়িত্ব ভুলে দলের 'সিনিয়র' খেলোয়াড়দের মতামতের উপর অধিক ভরসা করছে।"
ভারতের নির্বাচকরা ভবিষ্যতের কথা মাথায় রেখে কোনো পরিকল্পনাও করছেন না বলেই মনে করেন চ্যাপেল। তিনি বলেন, "ভালো দল হতে হলে ভারতকে যথোপযুক্ত বোলিং আক্রমণ গড়ে তুলতে হবে। যখন ভারত টেস্টে এক নম্বর দল হলো তখন আমি বলেছিলাম, সব ধরনের পরিস্থিতিতে তারা এটা ধরে রাখতে সক্ষম হবে না।"
ভারতের স্পিন আক্রমণের মূল ভরসা হরভজন সিংয়ের সমালোচনা করে চ্যাপেল বলেন, "অন্তত গত দুই বছর ধরে হরভজনকে কোনো ভাবেই ভালো বোলিং অস্ত্র বল যাবে না। তাছাড়া তাদের ভালো পেসারই বা কোথায়।"
এই ক্ষেত্রে নির্বাচকরা তরুণ খেলোয়াড়দের ঠিকমত কাজে লাগাতে পারছে না বলেও মনে করেন চ্যাপেল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএনএম/১৬৩১ ঘ.
bdnews24