ঢাকা, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রস্তুতি ম্যাচে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে এসেক্সকে ৬ উইকেটে হারিয়েছে ভারত। তখনো হাতে ছিল ২৫ বল।
হোভে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। ব্যাট করতে নেমে ম্যাট মাচানের অর্ধশতকের পরও ৪৫ ওভারে ২৩৬ রানে গুটিয়ে যায় এসেক্স। জবাবে পার্থিব প্যাটেল, বিরাট কোহলি ও রোহিত শর্মার অপরাজিত শতকের সুবাদে ৪০ ওভার ৫ বলে ৪ উইকেটে জয়ের লক্ষ্য ২৩৭ ছাড়িয়ে ২৩৮ রানে পৌঁছে যায় ভারত।
এসেক্সের ব্যাটিংয়ের সময় দুই দফা বৃষ্টি নামলে প্রতি ইনিংসের দৈর্ঘ্য ৫ করে ওভার কমে আসে।
লক্ষ্য তাড়া করতে নেমে ৪১ রানের মধ্যে শচীন টেন্ডুলকারকে (২১) হারালেও অন্য উদ্বোধনী ব্যাটসম্যান পার্থিব দলকে পথেই রাখেন। দ্বিতীয় উইকেট জুটিতে পার্থিব ও কোহলি ৬৩ রান যোগ করে দলকে বড় জয়ের ভিত গড়ে দেন।
দলীয় ১০৪ রানে পার্থিব (৫৫) বিদায় নিলেও অবিচল ছিলেন কোহলি। পার্থিব তার ৬৫ বলের ইনিংসটি সাজান ৯টি চার দিয়ে। তৃতীয় উইকেটে কোহলি ও রোহিত আরো ১০৪ রান যোগ করে জয়কে সময়ের ব্যাপারে পরিণত করেন।
দলীয় ২০৮ রানের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে সাজঘরের পথ ধরেন কোহলি (৭১)। তার ১০৫ বলের ইনিংসে ৬টি চার ও ১টি ছয় রয়েছে।
কোহলির বিদায়ের পর চতুর্থ ব্যাটসম্যান হিসেবে তাকে অনুসরণ করেন সুরেশ রায়না (১২)। টেস্টে পুরোপুরি নি®প্রভ রায়না বেশ চাপে রয়েছেন। একদিকে তিনি রান পাচ্ছেন না অন্য দিকে রোহিত আছেন রানের মধ্যে।
শেষ পর্যন্ত দলকে জিতিয়েই মাঠ ছাড়েন রোহিত। এ সময় ৬১ রানে অপরাজিত ছিলেন তিনি। তিনি তার ৬৫ বলের ইনিংসে ৮টি চার ও ১টি ছয় হাঁকিয়েছেন।
এসেক্সের পক্ষে আমজাদ খান, নাভেদ আরিফ, ক্রিস লিল্ডল ও ক্রিস ন্যাশ একটি করে উইকেট নেন।
এর আগে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের হিসেবী বোলিংয়ের কারণে শুরুটা ভালো হয়নি এসেক্সের। ৫৮ রানে ৩ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে স্বাগতিকরা। কিন্তু মাঝসারির ব্যাটসম্যানদের দৃঢ়তায় শেষ পর্যন্ত খেলায় ফিরে তারা।
চতুর্থ উইকেট জুটিতে জো গ্যাটিং ও মাচান ৪৭ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দেন। দলীয় ১০৫ রানের মাথায় গ্যাটিং (৪৬) বিদায় নিলে একা হয়ে পড়েন মাচান।
মাচান ও বেন ব্রাউন পঞ্চম উইকেটে যোগ করেন আরো ৬৫ রান। এ জুটি দলকে লড়াই করার ভিত গড়ে দেন। নিজের অর্ধশতকে পৌঁছে মাচান (৫৬) বিদায় নিলে খেলায় ফিরে ভারত। মাচান তার ৬২ বলের ইনিংসটি সাজান ৫টি চার দিয়ে।
নিজের অর্ধশতক থেকে দুই রান দূরে দাঁড়িয়ে ব্রাউন বিদায় নিলে সংগ্রহ আরো বড় করার সুযোগ হারায় এসেক্স। ২১৮ রানে ব্রাউনের বিদায়ের পর আরো ১৮ রান যোগ করতে শেষ ৪ উইকেট হারায় স্বাগতিকরা।
ভারতের পক্ষে রুদ্র প্রতাপ সিং ৪ উইকেট নেন ৪৫ রানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২৩২৬ ঘ.
bdnews24