ঢাকা, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বৃষ্টি বিঘিœত একদিনের ম্যাচে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে আয়ারল্যান্ডকে ১১ রানে হারিয়েছে ইংল্যান্ড।
ডাবলিনের ক্লনটার্ফ ক্লাব গ্রাউন্ডে বৃহস্পতিবার সিরিজের একমাত্র একদিনের ম্যাচে টস জিতে ফিল্ডিং নেয় আয়ারল্যান্ড। ব্যাট করতে নেমে জনাথন ট্রট ও অধিনায়ক ইয়ন মর্গানের অর্ধশতকের সুবাদে ৪২ ওভারে ৮ উইকেটে ২০১ রান করে ইংল্যান্ড। জবাবে ব্যাটসম্যানদের বাজে ব্যাটিংয়ের খেসারত দিয়ে ২৩ ওভারে ৮ উইকেটে ১১৭ রানে থামে আয়ারল্যান্ড।
ইংল্যান্ডের ব্যাটিংয়ের সময় কয়েক দফা বৃষ্টির কারণে প্রতি ইনিংসের দৈর্ঘ্য ৮ ওভার কমে আসে। পরে আয়ারল্যান্ড লক্ষ্য তাড়া করতে নামার পর আবারো বৃষ্টি নামলে শেষ পর্যন্ত ২৩ ওভারে জয়ের জন্য স্বাগতিকদের লক্ষ্য দাঁড়ায় ১২৯ রান।
বিশ্বকাপ ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে সফরকারীদের তাতিয়েই রেখেছিল আয়ারল্যান্ড। নিজেদের মাঠে বোলাররা তাদের অনেকটাই এগিয়ে রেখেছিলেন। কিন্তু বিশ্বকাপে পূর্ণ শক্তির ইংল্যান্ডের বিপক্ষে সহজ তুলে নিলেও এবার খর্ব শক্তির দলটির বিরুদ্ধে ভালো অবস্থানে থেকেও হেরেছে তারা।
সেবার যদি ইংল্যান্ডের হারের পেছনে দায় থাকে বোলারদের এবার কিন্তু মান বাঁচালেন তারাই। লড়াই করার পুঁজি খুব বড় না হলেও প্রতিপক্ষকে কোনো সহজ রান দেননি তারা। প্রতিটি রান সংগ্রাম করেই আদায় করতে হয়েছে স্বাগতিক ব্যাটসম্যানদের।
নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে যায় আয়ারল্যান্ড। ত্রিশের কোঠায় পা রাখতে পারেনি দলের একজন ব্যাটসম্যানও। কেভিন ও'ব্রায়েনের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ২৬ রান। রীতিমত টি-টোয়েন্টি খেলছিলেন তিনি। তার ১৫ বলের ইনিংসে ২টি করে চার ও ছয় রয়েছে।
এ ছাড়া আর কোনো ব্যাটসম্যান বিশের কোঠায় পা রাখতে পারেন নি। অধিনায়ক উইলিয়াম পর্টারফিল্ড ও জন মুনি দুজনই ১৫ রান করে সংগ্রহ করেন। কোনো জুটি না দাঁড়ানোর মাসুল গুনে শেষ পর্যন্ত ২ উইকেট হাতে রেখেও ১১ রানে হার মানতে হয় স্বাগতিকদের।
ইংল্যান্ডের পক্ষে জাডে ডেরনবাচ ৩ উইকেট নেন ৩০ রানে।
এর আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের। ৩৪ রানের মধ্যে বিদায় নেন ক্রেগ কিসওয়েটার (১৪) ও জেমস টেলর (১)।
তৃতীয় উইকেটে ১০২ রান যোগ করে প্রাথমিক ধাক্কা সামাল দিয়ে দলকে ভালো অবস্থানে নিয়ে যান ট্রট ও মর্গান। কিন্তু দলীয় ১৩৬ রানের মাথায় দলকে সামনে থেকে নেতৃত্ব দেয়া মর্গান (৫৯) সাজঘরে ফিরলে খেলায় ফিরে আয়ারল্যান্ড। মর্গান তার ৬৫ বলের ইনিংসটি সাজান ৬টি চার ১টি ছয় দিয়ে।
মর্গানের বিদায়ের পর আর কেউ সেভাবে ট্রটকে সঙ্গ দিতে পারেনি। বরং নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে রান তোলার গতি আরো কমিয়ে দেন। এক প্রান্তে ট্রট অবিচল থাকলেও অন্য প্রান্ত থেকে তেমন সহায়তা না পাওয়ায় শেষ দিকে অতিরিক্ত মারতে গিয়ে সপ্তম ব্যাটসম্যান হিসেবে ফেরেন সাজঘরে।
দলীয় ১৭২ রানে ফেরার আগে ট্রট করেন ৬৯ রান। তার ১০৫ বলের ইনিংসে ৬টি চার রয়েছে।
আয়ারল্যান্ডের পক্ষে মুনি ৩ উইকেট নেন ৩২ রানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২৩৪৮ ঘ.
bdnews24