২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হিউজেসের পাশে ক্যাটিচ

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে খেলতে নামার আগে ফিল হিউজেস পাশে পেয়েছেন সাইমন ক্যাটিচকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2011, 11:51 AM

Updated : 24 Aug 2022, 03:49 PM

ঢাকা, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে খেলতে নামার আগে ফিল হিউজেস পাশে পেয়েছেন সাইমন ক্যাটিচকে। উদ্বোধনী ব্যাটসম্যান সাইমন ক্যাটিচকে কেন্দ্রীয় চুক্তি ও দল থেকে বাদ দেয়ার পর এটিই অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচ। ক্যাটিচের স্থলাভিষিক্ত হতে পারেন হিউজেস। প্রথম টেস্টে শেন ওয়াটসনের সঙ্গে হিউজেস সফরকারীদের হয়ে পালার উদ্বোধন করতে নামবেন বলে ধারণা করা হচ্ছে। নিজে বাদ পড়লেও উত্তরসূরীর শুভ কামনা করেন ক্যাটিচ। তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি বুধবার গলে শুরু হচ্ছে। ক্লার্ক বলেন, "এ সুযোগ হিউজেসের প্রাপ্য। তার ব্যাপারে আমার কোনো বাজে মনোভাব নেই। কেননা অস্ট্রেলিয়ার হয়ে খেলার যোগ্যতা তার আছে।" ডেইলি টেলিগ্রাফকে তিনি বলেন, "২০০৯ সালের অ্যাশেজ সিরিজের দল থেকে হিউজেসের বাদ পড়া ছিল নিতান্তই দুর্ভাগ্যজনক। সে সময় মাঠে তিনি খুব একটা ভুল করেননি। প্রথম দুই টেস্টে ফ্লিনটফের ভয়ঙ্কর কয়েকটা 'স্পেল'র মুখে পড়েন তিনি। তারই খেসারত দিতে হয় তাকে। তবে শেষ পর্যন্ত ঘুরে দাঁড়াতে পেরেছেন।" কিভাবে করে রান করতে হয়, হিউজেস তা ভালোভাবেই জানেন বলে উল্লেখ করে ক্লার্ক বলেন, "এরই মধ্যে প্রথম শ্রেণীর ক্রিকেটে তিনি ১৬টি শতক হাঁকিয়েছেন। তার বয়সের একজন ক্রিকেটারের জন্য এটা অনেক বড় ব্যাপার।" "আমার মনে হয়, গত বছর তার খুব খারাপ সময় গেছে। সব ব্যাটসম্যানেরই এমন খারাপ সময় যায়। আমার মনে কোনো সন্দেহ নেই যে এবার তিনি ভালো করবেন," যোগ করেন তিনি। এদিকে ৩৫ বছর বয়সী ক্যাটিচ এখনো দলে ফেরার আশা ছাড়েননি। তিনি বলেন, "চার বছর আগে আমাকে বলা হয়েছিল, আর কখনোই দলে নেয়া হবে না। তবে আমি ফিরেছিলাম। ভবিষ্যতে কি হয়, কে জানে। আমি এখন শুধু নিউ সাউথ ওয়েলসের হয়ে খেলা উপভোগ করছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৭৪৩ ঘ.