ঢাকা, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ডের কাছে ৪-০ ব্যবধানে ভারতের টেস্ট সিরিজ হারকে সে দেশের পত্র-পত্রিকা ৫২ বছরের মধ্যে সবচেয়ে জঘন্য পরাজয় হিসেবে অভিহিত করেছে।
১৯৫৯ সালে ইংল্যান্ড সফরে পাঁচ ম্যাচের সিরিজে ৫-০ ব্যবধানে হারে ভারত। এর মধ্যে তিনটিই ছিল পালা ব্যবধানে। এছাড়া একটি টেস্ট হারে ১৭১ রানে ও অপরটি ৮ উইকেটে। এবারের পরাজয়কে রাখা হচ্ছে ওই হারের ঠিক পেছনে।
১৯৫২ সালে ভারত চার ম্যাচের টেস্ট সিরিজ হারে ৩-০ ব্যবধানে। ১৯৬৭ ও ১৯৭৪ সালে তিন ম্যাচের দু'টি সিরিজ ৩-০ ব্যবধানে হারে। প্রথম সিরিজে ভারতের পক্ষে লড়াই করেন কেবল মনসুর আলী খান পতৌদি। হেডেংলিতে হাঁকান একটি শতক ও একটি অর্ধশতক। দ্বিতীয় সিরিজে ঠিক এই কাজটাই করেন সুনীল গাভাস্কার।
১৯৭৪ সালের ওই সিরিজে লর্ডসে ৪২ রানে ভারতের গুটিয়ে যাওয়া এখনো দেশটির জন্য সবচেয়ে বড় লজ্জা হয়ে আছে।
১৯৫২ সালের সিরিজে ভারতের ব্যাটিং-লাইনআপ ছিল এবারের চেয়ে খারাপ। তবে বোলাররা ভালো করেন। হেডেংলিতে প্রথম টেস্টে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরত যান প্রথম চার ব্যাটসম্যান। তবে বোলাররা ভালো করায় শেষ পর্যন্ত ৭ উইকেটে হারে ভারত।
এরপর লর্ডসে একটু লড়াই করে আট উইকেটে হারলেও ওল্ড ট্র্যাফোর্ডে ভারতকে আবারো লজ্জা দেয় ইংল্যান্ড। ভারতের দুই পালা গুটিয়ে যায় ৫৮ ও ৮২ রানে। ফলে হার মানতে হয় ইনিংস ও ২০৭ রানে।
জহির খান ও বীরেন্দর শেবাগ পুরোপুরি সুস্থ থেকে পুরো সিরিজ খেললে ফলাফল অন্য রকম হলেও হতে পারতো বলে মনে করছে ভারতের সংবাদ মাধ্যমগুলো।
সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। ভালো করেননি বোলাররাও। প্রভিন কুমার যাও একটু লড়াই করে যাচ্ছিলেন শেষ খেলায় চোটের কারণে তিনিও মাঠে নামতে পারেননি। বড় ভরসা ইশান্ত শেষ পর্যন্ত অবশ্য খেলে যান চোট নিয়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৫৪৭ ঘ.
bdnews24