২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচকের দায়িত্ব পেয়ে ক্লার্ক খুশি

শ্রীলঙ্কার বিপক্ষে তিন টেস্টের সিরিজে গ্রেগ চ্যাপেল নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করে যাবেন কী না, সে ব্যাপারে কিছুই বলতে পারেননি অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক। তবে নির্বাচকের দায়িত্ব পেয়ে খুশি হয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2011, 09:32 AM

Updated : 24 Aug 2022, 03:49 PM

ঢাকা, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শ্রীলঙ্কার বিপক্ষে তিন টেস্টের সিরিজে গ্রেগ চ্যাপেল নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করে যাবেন কী না, সে ব্যাপারে কিছুই বলতে পারেননি অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক। তবে নির্বাচকের দায়িত্ব পেয়ে খুশি হয়েছেন তিনি। এদিকে দলের সঙ্গে উপস্থিত থাকলেও ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ডের সঙ্গে আলোচনা না করে নিজের ভবিষ্যতের ব্যাপারে কথা বলতে রাজি হননি চ্যাপেল। মঙ্গলবার দিনের শেষভাগে সাদারল্যান্ডের শ্রীলঙ্কা পৌঁছার কথা। প্রতিভা খুঁজে বের করার দায়িত্বেও রয়েছেন চ্যাপেল। তবে তার এই পদ নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি। ডন আর্গুসের নেতৃত্বধীন মূল্যায়ন কমিটি নির্বাচন প্যানেল থেকে চ্যাপেলকে সরিয়ে দেয়ার জন্য সিএ'র কাছে সুপারিশ করে। পাঁচ সদস্যের নতুন প্যানেল দায়িত্ব নেয়ার আগ পর্যন্ত চ্যাপেল তার নির্বাচকের দায়িত্ব পালন করে যান কী না, তাই এখন দেখার বিষয়। এ প্রসঙ্গে ক্লার্ক বলেন, "সত্যি বলতে কী, আমি নিশ্চিত নই। তিনি এখন আমাদের সঙ্গে আছেন। তিনদিনের প্রস্তুতি ম্যাচের জন্য এসেছেন। তবে টেস্ট সিরিজ পর্যন্ত থাকবেন কী না, সে ব্যাপারে আমি নিশ্চিত নই।" তিনি বলেন, "জেমস মঙ্গলবার আসছেন। তখন হয়তো তার সঙ্গে কথা বলার সুযোগ পাবো। তবে এখন পর্যন্ত তিনি নির্বাচকই। তবে আমি নিশ্চিত যে জেমস এসে এ ব্যাপারে কথা বলবেন এবং তখন সব পরিস্কার হয়ে যাবে।" কোচ টিম নিলসেনের সঙ্গে দল নির্বাচনের দায়িত্ব পেয়ে খুব খুশি ক্লার্ক। তবে অধিনায়কের নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করাকে আলাদা করে দেখছেন না। তিনি বলেন, "একজন অধিনায়কের সব সময়ই দল সম্পর্কে কিছু বলার থাকে। মাঠে এবং মাঠের বাইরে দল সম্পর্কে তার ভাবনা সব সময়ই কোনো না কোনোভাবে প্রতিফলিত হয়ই। নির্বাচকের দায়িত্ব পাওয়ার পরও ব্যাপারটা একই রকম থাকবে বলে আমার মনে হয়।" খেলায় জেতার জন্য সেরা দলটিকেই মাঠে নামাতে হবে বলে জানিয়ে ক্লার্ক বলেন, "আমার লক্ষ্য সেটাই করা। আমি অবশ্যই ব্যাক্তিগত কারণে কোনো সিদ্ধান্ত নেবো না। যা করবো দলের স্বার্থেই করবো।" বাইরে যাই ঘটুক না কেন, মাঠে ভালো করার জন্য অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা শতভাগ প্রস্তুত বলে মনে করছেন তিনি। একদিনের সিরিজের পর টেস্ট সিরিজেও জিততে চান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৫২১ ঘ.