২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জয় দিয়ে শেষ করল শ্রীলঙ্কা

মাহেলা জয়াবর্ধনে ও লাসিথ মালিঙ্গা সিরিজের শেষ একদিনের ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ উইকেটের জয় এনে দিয়েছেন। তখনো হাতে ছিল ১৮ বল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2011, 01:16 PM

Updated : 24 Aug 2022, 03:48 PM

ঢাকা, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাহেলা জয়াবর্ধনে ও লাসিথ মালিঙ্গা সিরিজের শেষ একদিনের ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ উইকেটের জয় এনে দিয়েছেন। তখনো হাতে ছিল ১৮ বল। তবে এ জয়ের পরও ৩-২ ব্যবধানে অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হেরেছে স্বাগতিকরা। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে সোমবার পঞ্চম একদিনের ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। ব্যাট করতে নেমে শেন ওয়াটসনের অর্ধশতকের পরও ৪৬ ওভার ১ বলে ২১১ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। জবাবে চামারা সিলভা ও জয়াবর্ধনের অর্ধশতকের সুবাদে ৪৭ ওভারে ৬ উইকেটে জয়ের লক্ষ্য ২১২ ছাড়িয়ে ২১৩ রানে পৌঁছে যায় স্বাগতিকরা। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কার শুরুটা মোটেও ভালো হয়নি। ৩৩ রানের মধ্যে সাজঘরে ফিরে যান উপুল থারাঙ্গা ০, অধিনায়ক তিলকারতেœ দিলশান ১৭ ও কুমার সাঙ্গাকারা ৭। চতুর্থ উইকেটে ১১১ রানের জুটি গড়ে দলকে ওই অবস্থা েেক টেনে তুলেন সিলভা ও জয়াবর্ধনে। দলীয় ১৪৪ রানে চর্তু ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার সিলভা করেন ৬৩ রান। তার ৭১ বলের ইনিংসে ৮টি চার ও ১টি ছয় রয়েছে। অ্যঞ্জেলো ম্যাথিউস ও জয়াবর্ধনে পঞ্চম উইকেটে ৫১ রান যোগ করে দলকে নিয়ে যান জয়ের দোরগোড়ায়। দলকে জয় থেকে ১৭ রান দূরে রেখে বিদায় নেয়ার আগে জয়াবর্ধনে করেন ৭১ রান। তিনি তার ১১৯ বলের ইনিংসটি সাজান ৬টি চার দিয়ে। ১৪ রান পরে তাকে অনুসরণ করেন ম্যাথিউস (২৬)। শেষ পর্যন্ত দলকে সহজ জয় এনে দেন জীবন মেন্ডিস। ৭ রানে অপরাজিত থাকেন তিনি। অস্ট্রেলিয়ার পক্ষে জেমস প্যাটিনসন ও জ্যাভিয়ার ডোহার্টি ২টি করে উইকেট নেন। এ জন্য প্যাটিনসন দেন ৪১ রান। ডোহার্টি ৫৪। এর আগে আরো বড় সংগ্রহের সম্ভাবনা জাগানো অস্ট্রেলিয়াকে ২৩ বল আগেই থামিয়ে দেন মালিঙ্গা। ৪৬তম ওভারে পরপর তিন বলে মিচেল জনসন, জন হেস্টিংস ও ডোহার্টিকে ফিরিয়ে দিয়ে অস্ট্রেলিয়ার লেজ দ্রুত ছেটে দেন তিনি। এটি তার তৃতীয় হ্যাট্রিক। এর আগে চলতি বছরের ১ মার্চ বিশ্বকাপ ম্যাচে কেনিয়ার বিপক্ষে ও ২০০৭ সালের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হ্যাট্রিক করেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অবশ্য পরপর চার বলে উইকেট নেন তিনি। একই বছরে দুটি হ্যাট্রিক করা প্রথম খেলোয়াড়ও তিনি। একদিনের ক্রিকেটে দুটি করে হ্যাট্রিক রয়েছে ওয়াসিম আকরাম, সাকলায়েন মুশতাক ও চামিন্দা ভাসের। মালিঙ্গা আঘাত হানার আগ পর্যন্ত পথেই ছিল অস্ট্রেলিয়া। সামিন্দা এরাঙ্গা শন মার্শকে (২) দ্রুত ফিরিয়ে দিলেও ওয়াটসন ও রিকি পন্টিং দলকে ভালো অবস্থানের দিকে নিয়ে যান। দলীয় ৭১ রানের মাথায় পন্টিং (৩১) বিদায় নিলে একা হয়ে পড়েন ওয়াটসন। তৃতীয় উইকেটে অধিনায়ক মাইকেল ক্লার্কের সঙ্গে যোগ করেন ৫৬ রান। দলীয় ১২৭ রানের মাথায় বিদায় নেয়ার আগে করেন ৫৬ রান। তার ৮৪ বলের ইনিংসে ৬টি চার ও ১টি ছয় রয়েছে। দলীয় ১৬৭ রানে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ক্লার্কের (৪৭) বিদায়ের পর দলকে প্রায় একাই টানেন ডেভিড হাসি (৪৬)। শেষ পর্যন্ত ২১০ রানের মাথায় ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফিরেন তিনি। তার ৪৯ বলের ইনিংসে ৫টি চার ও ১টি ছয় রয়েছে। হাসির বিদায়ের পর ১ রান যোগ করতে শেষ চার উইকেট হারায় সফরকারীরা। শ্রীলঙ্কার পক্ষে মালিঙ্গা ও অজন্তা মেন্ডিস নেন ৩টি করে উইকেট। এ জন্য মালিঙ্গা দেন ৩৫ রান। মেন্ডিস ৪৯। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২৩২৪ ঘ.