ঢাকা, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ডের ব্যাটসম্যানদের সঙ্গে পেরে উঠছে না ভারতের বোলাররা।
কেনিংটন ওভালে শুক্রবার চতুর্থ ও শেষ টেস্টের দ্বিতীয় দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ৪৫৭ রান। এক প্রান্তে ইয়ান বেল ১৮১ ও অন্য প্রান্তে নাইট ওয়াচম্যান জেমস অ্যান্ডরসন ৩ রানে ব্যাট করছেন।
কোনো উইকেট না হারিয়ে ৭৫ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে স্বাগতিকরা। দ্বিতীয় দিনের প্রথম সেশনে অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছিলেন ভারতের বোলাররা।
তবে শেষ পর্যন্ত তাদের 'গলির বোলারের' পর্যায়ে নামিয়ে এনে দ্বিতীয় দিনে ৩ উইকেট হারিয়ে আরো ৩৮২ রান যোগ করে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। এর মধ্যে ৩৩০ রান এসেছে শেষ দুই সেশনে।
প্রথম সেশনে ৫২ রান তুলতেই স্বাগতিকরা হারায় আগের দিনের অপরাজিত দুই ব্যাটসম্যান অ্যালিস্টার কুক ও অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসকে।
দিনের প্রথম ওভারেই কুককে (৩৪) ফিরিয়ে দিয়ে ইংল্যান্ডকে প্রথম ধাক্কা দেন ইশান্ত শর্মা। দলের স্কোর বোর্ডের সঙ্গে কোনো রান যোগ করার আগেই তার বিদায়ে আরো গুটিয়ে যান স্ট্রাউস।
আগের দিন ৩৮ রানে অপরাজিত থাকা স্ট্রাউস (৪০) ২ রান যোগ করেই কুককে অনুসরণ করেন। দলের রান তখন ৯৭। এ দিন ১১ ওভার উইকেটে থাকলেও ২ রানের বেশি যোগ করতে পারেন নি তিনি।
তবে এর পরের দুই সেশনে ভারতের বোলারদের কঠিন পরীক্ষা নিয়েছেন বেল ও কেভিন পিটারসেন। তৃতীয় উইকেটে ৩৫০ রান যোগ করেন তারা। প্রথম সেশনে যেখানে রানের জন্য যুদ্ধ করতে হয়েছে সেখানে তারা শেষ দুই সেশনে রান তুলেছেন একদিনের মেজাজে।
শেষ পর্যন্ত দলীয় ৪৪৭ রানের মাথায় পিটারসেন (১৭৫) বিদায় নিলে দিনের তৃতীয় উইকেট হারায় স্বাগতিকরা। ১৯তম শতক তুলে নেয়া পিটারসেন খেলেন একদিনের মেজাজে। তার ২৩২ বলের ইনিংসে ২৭টি চার রয়েছে।
১৬তম শতক তুলে নেয়া বেল নিজের প্রথম দ্বিশতক থেকে ১৯ রান দূরে দাঁড়িয়ে আছেন। আর ৫ হাজার রানের মাইলফলকে পৌঁছতে দরকার মোটে ২৭ রান। তিনি তার ৩০৪ বলের ইনিংসটি সাজান ১৭টি চার ও ২টি ছয় দিয়ে।
ভারতের পক্ষে একটি করে উইকেট নেন সুরেশ রায়না, ইশান্ত ও শ্রীশান্থ।
এর আগে চার ম্যাচের টেস্ট সিরিজের প্রথম তিনটিতে হেরে ৩-০ ব্যবধানে পিছিয়ে আছে ভারত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০০২৯ ঘ.
bdnews24