২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুলাওয়েতে ফিরতে চায় বাংলাদেশ

জিম্বাবুয়ে সফরে টানা হারের মধ্যে থাকা বাংলাদেশ ফিরতে চায় বুলাওয়েতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2011, 11:33 AM

Updated : 24 Aug 2022, 03:47 PM

ঢাকা, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জিম্বাবুয়ে সফরে টানা হারের মধ্যে থাকা বাংলাদেশ ফিরতে চায় বুলাওয়েতে। বুলাওয়েতে শুক্রবার চতুর্থ একদিনের ম্যাচে খেলবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। বাংলাদেশ সময় দুপুর দেড়টায় খেলা শুরু হবে। প্রস্তুতি ম্যাচ ও একমাত্র টেস্টে হারের পর প্রথম তিনটি একদিনে ম্যাচেও হেরেছে বাংলাদেশ। ওই হারের ফলে সিরিজে ৩-০ ব্যবধানে পিছিয়ে পড়ার পাশাপাশি পাঁচ বছর জিম্বাবুয়ের কাছে সিরিজ হেরেছে সফরকারীরা। সিরিজ হারলেও তৃতীয় ম্যাচে লড়াই করেছে বাংলাদেশ। দলে তিনটি পরিবর্তন আনার সুফল মিলেছে ওই ম্যাচে। প্রথম দুই ম্যাচের মতো অসহায় আত্মসমর্পণ করেনি তারা। চার ক্যাচ হাতছাড়া না হলে আর দুজন সেট ব্যাটসম্যান রান-আউট হয়ে সাজঘরে না ফিরলে সিরিজে এখনো টিকে থাকতে পারতো বাংলাদেশ। সে সবই এখন অতীত। শুরুটা ভালো না হলেও শেষ দুটি ম্যাচে জয় দিয়েই শেষ করতে চায় সফরকারীরা। মুশফিকুর রহীম চলতি সিরিজে সফরকারীদের প্রধান ব্যাটিং ভরসা। এরই মধ্যে একটি করে শতক ও অর্ধশতক তুলে নিয়েছেন তিনি। তবে অন্য প্রান্ত থেকে সেভাবে কোনো সহায়তা পাচ্ছেন না। উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েস নিজের ছায়া হয়ে আছেন এ পর্যন্ত। শাহরিয়ার নাফীসের বদলি হিসেবে নেমে প্রথম ম্যাচে ব্যর্থ জুনায়েদ সিদ্দিকও। প্রথম ম্যাচে ভালো করলেও দ্বিতীয় ম্যাচেই খেই হারিয়েছেন নাসির হোসেন। সাকিব শুরু করলেও নিজের ইনিংস বড় করতে পারছেন না। অনেক প্রত্যাশা থাকলেও সফরকারীদের হতাশ করেছেন অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। নিজের প্রথম ম্যাচে রান আউট হওয়ার আগ পর্যন্ত দারুণ খেলেছেন শুভাগত হোম চৌধুরী। জিম্বাবুয়েতে বাংলাদেশের পেসাররা ভালো করছেন। কিন্তু কতজন পেসার খেলাতে হবে তা বুঝতেই তিন ম্যাচ লাগিয়ে ফেলেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে দেশের মাটিতে বাংলাদেশের স্পিনাররা সাফল্য পেলেও তাদের মাটিতে এখন পর্যন্ত এক রকম ব্যর্থ তারা। সে কারণে একে একে সোহরাওয়ার্দী শুভ ও আব্দুর রাজ্জাক বাদ পড়েছেন। সেরকম কিছু করতে পারছেন না অধিনায়ক সাকিব আল হাসানও। তবে বুলাওয়েতে স্পিনাররা ভালো করতে পারেন। সেখানকার পিচ হারারের পিচের চেয়ে আলাদা। অন্য দিকে পাঁচ বছর সিরিজ জিতে উড়ছে জিম্বাবুয়ে। তাদের জয়ের একটা বড় অংশজুড়ে ছিলেন ব্রায়ান ভিতোরি। প্রথম দুই ম্যাচে নেন ৫টি করে উইকেট। তৃতীয় ম্যাচে নিয়েছেন কেবল একটি। তবে সেটাই খেলার মোড় ঘুড়িয়ে দিয়েছে। নিজের শেষ বলে রিয়াদের উইকেট তুলে নিয়ে তিনিই সবচেয়ে বড় ধাক্কা দেন। ভালো বল করছেন ক্রিস্টোফার এমপুফো ও এল্টন চিগুম্বুরাও। তৃতীয় ম্যাচে নতুন যোগ হয়েছেন কাইল জার্ভিস। টেস্টে ভালো খেলার পুরস্কার হিসেবেই রে প্রাইসের বদলে সুযোগ পান তিনি। সুযোগ কাজে লাগাতে ভুল করেন নি তিনি। অধিনায়ক ব্রেন্ডন টেলর ফর্মে না থাকলেও ভুসি সিবান্দা, হ্যামিল্টন মাসাকাদজা ও তাতেন্দা তাইবু তাকে নির্ভরতা জুগাচ্ছেন। বিশেষ করে সিবান্দা। প্রতি ম্যাচেই বাংলাদেশের বোলারদের পাল্টা আঘাত হানছেন তিনি। দ্বিতীয় ও তৃতীয় উইকেটে এই তিন ব্যাটসম্যান দলকে শক্ত ভিত গড়ে দিচ্ছেন। জিততে এই ত্রয়ীকে দ্রুত ফেরাতে হবে সফরকারী বোলারদের। এ পর্যন্ত জিম্বাবুয়েতে পাঁচটি একদিনের সিরিজ খেলেছে বাংলাদেশ। ২০০০-০১ মৌসুমে প্রথম জিম্বাবুয়ে সফরে ৩ ম্য্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে হারে বাংলাদেশ। ২০০৩-০৪ মৌসুমে নিজেদের দ্বিতীয় সফরে ৫ ম্যাচের সিরিজ হারে ২-১ ব্যবধানে। হার মানতে হয় তৃতীয় সিরিজেও। ২০০৬ সালে ৫ ম্যাচের সিরিজ হারে ৩-২ ব্যবধানে। কিন্তু ২০০৬-০৭ মৌসুমে নিজেদের চতুর্থ সফরে ৩-২ ব্যবধানে সিরিজ জেতে সফরকারীরা। ২০০৯ সালে ৪ ম্যাচের সিরিজও জিতে নেয় ৩-১ ব্য্যবধানে। জিম্বাবুয়েতে এ পর্যন্ত ২৩টি ম্যাচ খেলেছে দল দুটি। এর মধ্যে জিম্বাবুয়ে জিতেছে ১৪টিতে আর বাংলাদেশের জয় ৯ ম্যাচে। সব মিলিয়ে দু দল খেলেছে ৫৪টি ম্যাচ। এতে বাংলাদেশের জয় ২৮ খেলায় অন্য দিকে জিম্বাবুয়ের জয় ২৬ খেলায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৭১৯ঘ.