ঢাকা, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্রিকেট থেকে অবসর নেয়ার পাঁচ বছর পর ভারতের ক্রিকেটাররা দেশটির নির্বাচক কমিটির সদস্য হতে পারবেন। এর আগে এর মেয়াদ ছিল ১০ বছর।
সোমবার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ওয়ার্কিং কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে। এতে অনেক সাবেক ক্রিকেটারের সামনে ভারতের নির্বাচক হওয়ার সুযোগ তৈরি হয়েছে।
নির্বাচকদের চার বছরের জন্য নিয়োগ দেয় বিসিসিআই।
ইংল্যান্ড সফরে ভারতের বাজে পারফরম্যান্সের দিকে নজর রয়েছে বিসিসিআই'র। তবে সিরিজ চলাকালে ক্রিকেটারদের পারফরম্যান্সের মূল্যায়ন করার পরিকল্পনা নেই বোর্ডের। চার ম্যাচের টেস্ট সিরিজের প্রথম তিনটিতে হেরে ইংল্যান্ডের কাছে সিরিজের পাশাপাশি আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও হারিয়েছে ভারত।
ভারতের সাবেক ক্রিকেটার এবং বিশ্লেষকরা ইংল্যান্ডে খেলোয়াড়দের বাজে পারফরম্যান্সের কারণে হিসেবে বেশি খেলাকে দেখাচ্ছেন। অনেকেই মনে করেন, গত এক বছর অনেক বেশি সময় খেলার মধ্যে থাকায় চলতি সিরিজে ভারত এতো খারাপ করছে।
এ পরিস্থিতিতে কর্নাটক ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি ও ভারতের সাবেক অধিনায়ক অনিল কুম্বলে বোর্ডকে যুক্তি সঙ্গত ও বিচক্ষণভাবে খেলায়াড়দের পারফরম্যান্স মূল্যায়ান করার কথা বলেছেন।
এ বছরের জুনে ভারতের ক্রীড়া মন্ত্রী অজয় মাকেন স্বচ্ছতা নিশ্চিত করতে বিসিসিআইসহ দেশটির সকল ক্রীড়া ফেডারেশনকে তথ্য অধিকার আইনের আওতায় আনতে একটি বিলের প্রস্তাব করেন। বিসিসিআই'র ওয়ার্কিং কমিটি ওই প্রস্তাব নিয়েও আলোচনা করে।
প্রস্তাবিত বিলের ব্যাপারে মাকেন ডিএনএকে বলেন, "তারা মানুষের কাছে জবাবদিহিতা করব না, আমরা এমনটা হতে দেবো না। হাইকোর্টের রায়ের কারণে ফেডারেশনগুলোকে তথ্য অধিকার আইনের আওতায় আনা যায়নি। তবে শিগগির তাদের এর আওতায় আনা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৪৩৬ ঘ.
bdnews24