২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাটিং উপভোগ করছেন পন্টিং

অধিনায়কত্ব ছেড়ে শুধু ব্যাটসম্যান হিসেবে অস্ট্রেলিয়া দলে খেলা উপভোগ করছেন রিকি পন্টিং।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2011, 12:16 PM

Updated : 24 Aug 2022, 03:46 PM

ঢাকা, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অধিনায়কত্ব ছেড়ে শুধু ব্যাটসম্যান হিসেবে অস্ট্রেলিয়া দলে খেলা উপভোগ করছেন রিকি পন্টিং। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ব্যর্থ মিশন শেষে অস্ট্রেলিয়া দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ান পন্টিং। মাইকেল ক্লার্কের অধীনে ব্যাটসম্যান হিসেবে খেলা উপভোগ করছেন বলে মন্তব্য করেছেন তিনি। দলনায়ক হিসেবে নিজের শেষ বছরে রানের জন্য সংগ্রাম করতে হয়েছে পন্টিংকে। সে সময় একদিনের ক্রিকেটে গড় ছিল ৩০.২৩ এবং টেস্টে ২৯। তবে শ্রীলঙ্কা সফরে একদিনের ম্যাচে দুটি অর্ধশতক পাওয়ার পর অনেকটাই নির্ভার তিনি। বিশেষ করে দ্বিতীয় একদিনের ম্যাচে অপরাজিত ৯০ রানের ইনিংসটি অনেকদিন তাকে আত্মবিশ্বাস জুগাবে। ওই ইনিংসের সুবাদেই ১৮ মাস পর ম্যাচ সেরার পুরস্কার জেতেন তিনি। পন্টিং বলেন, "নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর পর ব্যাটিংয়ে আরো বেশি মনযোগ দেয়া যাচ্ছে। বিশ্বকাপে কোনো কিছুই পরিকল্পনা মতো হয়নি। এর পর বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের একদিনের সিরিজে কেবল একজন ব্যাটসম্যান হিসেবে খেলি। সে সময় বুঝতে পারি নতুন ভূমিকা ভালোই লাগছে, এখানেও শুরুটা ভালো করেছি।" তিনি বলেন, "কোনো সন্দেহ নেই এখন অনুশীলনে কেবল আমাকে নিয়েই ভাবি। শুধু আমার ব্যাটিং ও ফিল্ডিংয়ের ব্যাপারটি দেখলেই হয়। অনেকটা নতুন করেই শুরু করেছি। এখানে ভালো করেছি, আশা করছি সিরিজের পরের ম্যাচগুলোতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে।" অস্ট্রেলিয়ার অধিনায়করা সাধারণত নেতৃত্ব থেকে সরে যাওয়ার পর অবসর নেন। কিন্তু পন্টিং এর ব্যাতিক্রম। ৩৬ বছর বয়সেও খেলছেন, প্রায় ৩০ বছর আগে কিম হিউজেস এই উদাহরণ তৈরি করেন। পন্টিং এখনো নিশ্চিতনন আর কতদিন খেলবেন তিনি। তিনি বলেন, "আমি আমার ব্যাটিং নিয়ে ভাবছি। প্রচুর রান করতে চাই। প্রয়োজন পড়লে ক্লার্কের পাশে দাঁড়াতে প্রস্তুত। তবে জানি না আর কতদিন খেলবো। এটা একটা কঠিন সিদ্ধন্ত হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৮১৩ ঘ.