ঢাকা, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রথম দুটি একদিনের ম্যাচ বাজেভাবে হারের পর সিরিজ বাঁচাতে তৃতীয় একদিনের ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে। অন্য দিকে মঙ্গলবার জয় তুলে নিয়ে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিতে চায় জিম্বাবুয়ে।
হারারে স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে বাংলাদেশ সময় দুপুর দেড়টায় তৃতীয় একদিনের ম্যাচে খেলবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। এর আগে প্রথম দুই ম্যাচ হেরে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে আছে সফরকারীরা।
দুই ম্যাচেই বাংলাদেশের ব্যাটসম্যানদের কাছে এক রকম দুর্বোধ্য ছিলেন ব্রায়ান ভিতোরি। নেন ৫টি করে উইকেট। এ জন্য প্রথম ম্যাচে দেন ৩০ রান পরেরটিতে ২০।
ভালো বল করছেন ক্রিস্টোফার এমপুফো ও এল্টন চিগুম্বুরাও। সময় মতো উইকেট নিয়ে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে যতি টেনে দিচ্ছেন তারা। রে প্রাইস ও প্রসপার উৎসেয়া বাংলাদেশ শিবিরে ভীতি না ছড়ালেও পেসারদের ভালো সহায়তা দিচ্ছেন।
এই সিরিজেই প্রথম একদিনের ম্যাচ খেলতে নামা ভিতোরিকে কি করে সামলাতে হবে এখনো বুঝে উঠতে পারেন নি বাংলাদেশের ব্যাটসম্যানরা। বিশেষ করে বাঁ-হাতি ব্যাটসম্যানদের জন্য আতঙ্ক হয়ে উঠেছেন তিনি। বাংলাদেশের প্রথম ছয় ব্যাটসম্যানের চার জনই বাঁ-হাতি হওয়ায় শঙ্কাটা আরো বেড়েছে।
এল্টন চিগুম্বুরা ও হ্যামিল্টন মাসাকাদজা থাকায় জিম্বাবুয়ে অধিনায়ক ব্রেন্ডন টেলরের খুব সুবিধা হয়েছে। এতে তিনজন করে পেসার ও স্পিনার খেলাতে পারেন তিনি। চিগুম্বুরা থাকায় স্পিনারদের অনেক দেরিতে আনতে পারেন তিনি। আর প্রাইস ও উৎসেয়াকে বাংলাদেশের ব্যাটসম্যানরা সহজে খেলতে পারলে বৈচিত্র্য আনতে ব্যবহার করেন মাসাকাদজাকে।
জিম্বাবুয়ের ব্যাটসম্যানরাও আছেন ছন্দে। ভুসি সিবান্দাকে থামাতে বেশ বেগ পেতে হচ্ছে বাংলাদেশের বোলারদের। দুই ম্যাচেই অর্ধশতক তুলে নিয়েছেন তিনি। ভালো খেলছেন হ্যামিল্টন মাসাকাদজা ও তাতান্দো তাইবু। প্রথম ম্যাচে শূন্য রানে ফিরলেও পরের ম্যাচে অপরাজিত অর্ধশতক হাঁকিয়ে দলকে সহজ জয় এনে দিয়েছেন তাইবু।
এখন পর্যন্ত স্বাগতিক ব্যাটসম্যানদের সে অর্থে কোনো পরীক্ষায় ফেলতে পারেন নি বাংলাদেশের বোলাররা। বাংলাদেশের বোলিং আক্রমণের প্রধান অস্ত্র বাঁ-হাতি স্পিনারদের বেশ সহজইে সামাল দিচ্ছেন তারা।
সাকিব আল হাসান ও আব্দুর রাজ্জাক উইকেট না পাওয়ায় বাংলাদেশের উপর চাপ অনেক বেড়েছে। দ্বিতীয় ম্যাচে রাজ্জাককে দিয়ে সাকিব করান মাত্র ১ ওভার। তৃতীয় ম্যাচে তার বদলে সোহরাওয়ার্দী বা নাজমুল হোসেনের ফেরার সম্ভাবনা বেশি। শফিউল ও রুবেল হোসেন ভালো করছেন। কিন্তু লড়াই করার মতো পুঁজি না থাকায় বিফল হচ্ছে পরিশ্রম।
জিম্বাবুয়ে সফরে এসে টানা পরাজয়ে হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে বাংলাদেশের খেলোয়াড়দের। সেই সঙ্গে রয়েছে পাঁচ বছরের মধ্যে জিম্বাবুয়ের কাছে প্রথম সিরিজ হারের শঙ্কা। পরাজয়ের বৃত্ত থেকে বেরিয়ে আসতে বদ্ধপরিকর দলের খেলোয়াড়রা।
এর আগে দেশের মাটিতে একবার পাঁচ ম্যাচের সিরিজ ০-২ ব্যবধানে পিছিয়ে পড়েও জিতে নেয়ার (৩-২) কৃতিত্ব দেখিয়েছে বাংলাদেশ। সেবার দলের জন্য রক্ষাকর্তা হয়ে এসেছিলেন মোহাম্মদ রফিক। এবার সাকিব কার কাছে ভরসা খুজবেন?
এতো দিন ধরে তামিম ইকবাল ও ইমরুল কায়েস উদ্বোধনী জুটিতে অধিনায়ককে ভরসা জুগাচ্ছিলেন। কিন্তু জিম্বাবুয়ে সফরে নিজেদের ছায়া হয়েই আছেন তারা। দুই উদ্বোধনী ব্যাটসম্যান নিজেদের স্বাভাবিক খেলা তারা খেলতে না পারায় বাংলাদেশের সূচনা ভালো হচ্ছে না। চরম ব্যর্থতা দেখিয়েছেন শাহরিয়ার নাফীস, মোহাম্মদ আশরাফুল ও মাহমুদুল্লাহ রিয়াদ।
প্রথম ম্যাচে দলকে টেনেছেন সাকিব ও মুশফিকুর রহীম। আর দ্বিতীয় ম্যাচে যেন একাই নিজের কাঁধে দলকে টেনেছেন প্রথম একদিনের ম্যাচ খেলতে নামা নাসির হোসেন।
দুই ম্যাচেই শুরুতে ৫/৬ উইকেট হারিয়ে চাপে পড়ে যাচ্ছে বাংলাদেশ। পরের দিকের ব্যাটসম্যানরা ওই ধাক্কা সামাল দিয়ে উঠতে না উঠতে স্কোর বোর্ডে রান জমা করার চাপে পড়ে যাচ্ছেন। ওই চাপ দুই ম্যাচে কাটিয়ে উঠতে পারেনি সফরকারীরা।
এ পর্যন্ত জিম্বাবুয়েতে পাঁচটি একদিনের সিরিজ খেলেছে বাংলাদেশ। ২০০০-০১ মৌসুমে প্রথম জিম্বাবুয়ে সফরে ৩ ম্য্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে হারে বাংলাদেশ। ২০০৩-০৪ মৌসুমে নিজেদের দ্বিতীয় সফরে ৫ ম্যাচের সিরিজ হারে ২-১ ব্যবধানে। হার মানতে হয় তৃতীয় সিরিজেও। ২০০৬ সালে ৫ ম্যাচের সিরিজ হারে ৩-২ ব্যবধানে।
কিন্তু ২০০৬-০৭ মৌসুমে নিজেদের চতুর্থ সফরে ৩-২ ব্যবধানে সিরিজ জেতে সফরকারীরা। ২০০৯ সালে ৪ ম্যাচের সিরিজও জিতে নেয় ৩-১ ব্য্যবধানে।
জিম্বাবুয়েতে এ পর্যন্ত ২২টি ম্যাচ খেলেছে দল দুটি। এর মধ্যে জিম্বাবুয়ে জিতেছে ১৩টিতে আর বাংলাদেশের জয় ৯ ম্যাচে।
সব মিলিয়ে দু দল খেলেছে ৫৩টি ম্যাচ। এতে বাংলাদেশের জয় ২৮ খেলায় অন্য দিকে জিম্বাবুয়ের জয় ২৫ খেলায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৭০০ ঘ.
bdnews24