২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভিতোরি, সিবান্দার কাছে হারল বাংলাদেশ

ব্রায়ান ভিতোরি ও ভুসি সিবান্দার কাছেই হেরে গেল বাংলাদেশ। প্রথম একদিনের ম্যাচে স্বাগতিকরা জিতেছে ৪ উইকেটে। তখনো হাতে ছিল ৫২ বল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2011, 07:27 AM

Updated : 24 Aug 2022, 03:45 PM

ঢাকা, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রায়ান ভিতোরি ও ভুসি সিবান্দার কাছেই হেরে গেল বাংলাদেশ। প্রথম একদিনের ম্যাচে স্বাগতিকরা জিতেছে ৪ উইকেটে। তখনো হাতে ছিল ৫২ বল। এ জয়ের ফলে পাঁচ ম্যাচের একদিনের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল জিম্বাবুয়ে। হারারে স্পোর্টস ক্লাব মাঠে শুক্রবার টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত জিম্বাবুয়ের অধিনায়ক ব্রেন্ডন টেলর। ব্যাট করতে নেমে মুশফিকুর রহীম ও অধিনায়ক সাকিব আল হাসানের অর্ধশতকের পরেও ৪৮ ওভার ৪ বলে ১৮৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে ভুসি সিবান্দার অর্ধশতকের সুবাদে জিম্বাবুয়ে ৪১ ওভার ২ বলে ৬ উইকেটে জয়ের লক্ষ্য ১৮৫ ছাড়িয়ে পৌঁছে যায় ১৮৬ রানে। জিম্বাবুয়ের ব্রায়ান ভিতোরি ৫ উইকেট নেন ৩০ রানে। প্রথম ম্যাচ খেলতে নেমে সপ্তম ক্রিকেটার হিসেবে ৫ উইকেট নেন তিনি। জিম্বাবুয়েকে জয়ের ক্ষেত্র গড়ে দেন তিনিই। যে উইকেটে বাংলাদেশের ব্যাটসম্যানদের রান তুলতে বেগ পেতে হল ওই উইকেটেই বেশ সহজে রান পেলেন জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। দলীয় ২৬ রানে টেলরকে হারালেও বাংলাদেশের বোলারদের চেপে ধরার সুযোগ দেননি জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। বিশেষ করে সিবান্দা ও হ্যামিল্টন মাসাকাদজা। দ্বিতীয় উইকেটে এ দুজন যোগ করেন ৮৬ রান। দলীয় ১১২ রানের মাসাকাদজা (৪১) রান আউট হয়ে সাজঘরে ফিরলে লড়াইয়ের সুযোগ পায় বাংলাদেশ। ২৪তম ওভারে ফিরে এসে নিজের দ্বিতীয় বলে পর পর দু বলে শূন্য হাতে তাতেন্দা তাইবু ও ক্রেগ ইরভিনকে ফিরিয়ে দিয়ে জিম্বাবুয়েকে একটু চাপে ফেলেন রুবেল হোসেন। জয় থেকে মাত্র ১০ রান দূরে দাঁড়িয়ে রুবেলের বলেই পুল করতে গিয়ে (৯৬) তামিম ইকবালের হাতে ধরা পড়েন সিবান্দা। ৭ রান পরেই তাকে অনুসরণ করেন এল্টন চিগুম্বুরা। তাকেও ফেরান রুবেল। শেষ পর্যন্ত ফরস্টর মুতিজওয়া দলকে জয় এনে দেন। তিনি অপরাজিত থাকেন ২৭ রানে। হারারের পেস সহায়ক পিচে স্পিন নির্ভরতার মাসুল হয়ত দিতে হল বাংলাদেশকে। জিম্বাবুয়ের যেখানে তিন পেসারকে ব্যবহার করেছে সেখানে সাকিব শফিউল ইসলামকে দিয়ে করিয়েছেন কেবল দু ওভার। শুরুতে পেসারদের বিপক্ষে জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা আক্রমণাত্মক খেলায় সাকিব শুরুতে স্পিনারদের আক্রমণে নিয়ে আসেন। ফিরতি এসে রুবেল যা করলেন তাতে বাংলাদেশ তিন পেসার খেলার ফলাফল অন্য রকম হতেও পারতো। রুবেল ৪ উইকেট নেন ২৬ রানে। এর আগে সফরকারীদের বড় লজ্জা থেকে বাঁচান মুশফিক ও সাকিব। ৪৩ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে ধাকা বাংলাদেশকে টেনে তুলেন তারা। ষষ্ঠ উইকেটে জিম্বাবুয়ের বিপক্ষে রেকর্ড ১০৫ রানের জুটি গড়ে লড়াইয়ে ফেরান দলকে। কিন্তু দলীয় ১৪৮ রানের মাথায় সাকিব (৫৩) হ্যামিল্টন মাসাকাদজার বলে প্রসপার উৎসেয়ার দুর্দান্ত ক্যাচে পরিণত হলে একা হয়ে পড়েন মুশফিক। সাজঘরে ফেরার আগে বেশ আত্মবিশ্বাস নিয়ে খেলে ২০তম অর্ধশতক তুলে নেন সাকিব। তার ৬৩ বলের ইনিংসে ২টি চার রয়েছে। অবশ্য ১৭ রানের মাথায় তাতেন্দা তাইবুর হাতে একবার জীবন পান তিনি। এর পর বেশিক্ষণ টেকেন নি মুশফিকও। ১৩ রান পরেই অধিনায়ককে অনুসরণ করেন নিজের নবম অর্ধশতক তুলে নেয়া মুশফিক (৫৯)। তার ৯১ বলের ইনিংসে ৫টি চার রয়েছে। সাকিব-মুশফিকের বিদায়ের পর বেশিক্ষণ টেকেনি বাংলাদেশ। অন্য প্রান্তে ব্যাটসম্যানদের যাওয়া আসার পালা চলতে থাকলেও ২০ রানে অপরাজিত ছিলেন সোহরাওয়ার্দী শুভ। এর আগে নিজের প্রথম ম্যাচ খেলতে নামা ব্রায়ান ভিতোরি বাংলাদেশকে শুরুতেই ধ্বংসস্তুপে পরিণত করেন। ক্রিস্টোফার এমপোফু এক প্রান্তে হিসেবী বোলিং করে রান তোলার গতি খুব কমিয়ে দেয়ায় প্রথম থেকেই চাপে পড়ে বাংলাদেশ। ওই চাপ সামাল দিতে না পেরে ভিতোরির শিকারে পরিণত হয়ে একে একে সাজঘরে ফিরে আসেন তামিম ৪, শাহরিয়ার নাফীস ১৪, ইমরুল কায়েস ১১ ও মোহাম্মদ আশরাফুল। ভিতোরির পর মাহমুদুল্লাহ রিয়াদকে (৫) ফিরিয়ে দিয়ে বাংলাদেশের উপর চার আরো বাড়ান এল্টন চিগুম্বুরা। শেষ স্পেলে ফিরে শফিউলকে ফিরিয়ে দিয়ে (৮) নিজের পঞ্চম উইকেট দখল করেন ভিতোরি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএনএম/২০২২ ঘ.