২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একদিনের দল নির্বাচন নিয়ে বিপাকে ভারত

ভারতের চোটে পড়া খেলোয়াড়দের তালিকা যেভাবে দিন দিন লম্বা হচ্ছে তাতে ইংল্যান্ডের বিপক্ষে একদিনের সিরিজের জন্য দল নির্বাচন নিয়ে বেশ বিপাকে পড়তে হবে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2011, 11:20 AM

Updated : 24 Aug 2022, 03:42 PM

ঢাকা, অগাস্ট ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের চোটে পড়া খেলোয়াড়দের তালিকা যেভাবে দিন দিন লম্বা হচ্ছে তাতে ইংল্যান্ডের বিপক্ষে একদিনের সিরিজের জন্য দল নির্বাচন নিয়ে বেশ বিপাকে পড়তে হবে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই)। শনিবার ভারতের একদিনের দল ঘোষণা করার কথা রয়েছে। ভারতের ক্রিকেটারদের 'ফিটনেস' স্তর ও নির্বাচকদের ফিটনেসের বিষয়ে খেলোয়াড়দের মতামতের উপর নির্ভর করার বিষয়টি ইংল্যান্ড সফরে বেশ সমালোচনার মুখে পড়েছে। চোটের কারণে বাদ পড়া ভারতের খেলোয়াড়দের তালিকায় নতুন যোগ হয়েছে যুবরাজ সিং ও হরভজন সিংয়ের নাম। জহির খান এখনো চোট কাটিয়ে উঠতে পারেননি। কাঁধে অস্ত্রোপচারের পর সবে মাঠে নেমেছেন বিরেন্দর শেবাগ। বিশ্বকাপের সেমিফাইনালে আঙ্গুলে চোট পান আশীষ নেহেরা। ওই কারণে খেলতে পারেননি ফাইনালসহ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। ওয়েস্ট ইন্ডিজ সফরেও ছিলেন না, নেই ইংল্যান্ড সফরেও। চোট কাটিয়ে উঠতে যুবরাজ ও হরভজনকে যথাক্রমে চার ও তিন সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দেয়া হয়েছে। তাছাড়া হরভজনের ফর্মটাও ভালো যাচ্ছে না। এই কারণে একদিনের সিরিজে তারা দুজনই অনিশ্চিত হয়ে পড়েছেন। যুবরাজ যদি না খেলতে পারেন সেই ক্ষেত্রে ভাগ্য খুলে যেতে পারে ইউসুফ পাঠানের। যদিও ওয়েস্ট ইন্ডিজ সফরে পাঁচ ম্যাচের একদিনের সিরিজে সর্বসাকুল্যে মাত্র ৪২ রান করেছিলেন তিনি। এছাড়া অভিষেক হতে পরে অজিঙ্কা রাহানের। ভারতের ঘরোয়া ক্রিকেটে এই মৌসুমে প্রচুর রান পেয়েছেন রাহানে। আর হরভজনের জায়গায় খেলতে পারেন অমিত মিশ্র। ওয়েস্ট ইন্ডিজে দারুণ খেলেছেন তিনি। পেস আক্রমণে থাকছেন প্রভিন কুমার ও মুনাফ প্যাটেল। জহির আর নেহরার খেলাটা সুস্থতার উপর নির্ভর করছে। তারা না খেললে দলে নেয়া হতে পারে ইশান্ত শর্মা, শ্রীশান্ত ও বিনয় কুমারকে। পার্থিব প্যাটেল অতিরিক্ত উইকেটরক্ষক হিসেবে দলে থাকতে পারেন। ৩১ অগাস্ট প্রথম ম্যাচ দিয়ে শুরু হবে পাঁচ ম্যাচ একদিনের সিরিজ। আর চার ম্যাচ টেস্ট সিরিজে এরই মধ্যে ২-০ তে পিছিয়ে আছে ভারত। সম্ভাব্য দল: শচীন টেন্ডুলকার, বিরেন্দর শেবাগ, গৌতম গম্ভির, বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়না, রোহিত শর্মা, যুবরাজ সিং/অজিঙ্কা রাহানে/ ইউসুফ পাঠান, পার্থিব প্যাটেল, মুনাফ প্যাটেল, প্রভিন কুমার, রবিচন্দ্রন অশ্বিন, অমিত মিশ্র/ হরভজন সিং এবং জহির খান/শ্রীশান্ত/বিনয় কুমার/আশীষ নেহেরার মধ্যে তিনজন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএনএম/১৭১৯ ঘ.