ঢাকা, অগাস্ট ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার ডেল স্টেইন টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন ১৮ মাস ধরে। কিন্তু এবার চ্যালেঞ্জ জানাচ্ছেন তাকে আরেক ফাস্ট বোলার ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন।
ডেইলি এক্সপ্রেসের খবরে বলা হচ্ছে, দেশের মাটিতে শ্র্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে অত্যন্ত দক্ষতার সঙ্গে বল করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) র্যাঙ্কিংয়ে স্টেইনের সঙ্গে পয়েন্টের ব্যবধান অ্যান্ডারসন কমিয়ে এনেছেন অনেকখানি। শুধু তাই নয়, মর্নে মরকেল ও গ্রায়েম সোয়ানকেও টপকে গেছেন তিনি। আক্ষরিক অর্থেই এই মুহূর্তে রয়েছেন তালিকার দ্বিতীয় স্থানে।
বিশেষ করে, ভারতের বিপক্ষে চলমান সিরিজে অ্যান্ডারসনের বোলিং দেখে তার প্রশংসায় মেতে ওঠেন স্টেইন নিজেও। বলেন, র্যাঙ্কিং দেখে কখনো কখনো আসল কথা জানা যায় না।
"ভালো বোলার যাচাই করার অনেক উপায় আছে। কিন্তু যেভাবেই যাচাই করুন না কেন, তিনি সবার উপরেই থাকবেন," খোলামেলা স্বীকারোক্তি স্টেইনের, "আমার পয়েন্ট বেশি, এর মানে এই নয় যে আমি তার চেয়ে ভালো বোলার।"
এখানেই থেমে যাননি, বলেই চলেন তিনি, "এরই মধ্যে জিমি (অ্যান্ডারসন) শচীন টেন্ডুলকারের উইকেট নিয়েছেন। আসলে ভালো বোলার সব সময় ভালো ব্যাটসম্যানের উইকেট নিয়ে থাকেন। এভাবে বিচার করলে তাকে কি সেরা মনে হয় না?" এই প্রশ্ন রেখে তার উত্তর দেন স্টেইন নিজেই, "সম্ভবত এটাই ঠিক।"
ভারতের সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরে তিন টেস্টে ১৭.৪৭ গড়ে ২১ উইকেট নেন স্টেইন।
ভারতের বিপক্ষে চলমান সিরিজে এরই মধ্যে ১২ উইকেট নিয়েছেন অ্যান্ডারসন। চার টেস্টের সিরিজে বাকি আছে আরো দু'টি।
এই মুহূর্তে স্টেইনের পয়েন্ট ৮৯৯। অ্যান্ডারসনের ৭৯০।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৭০৯ ঘ.
bdnews24