ঢাকা, অগাস্ট ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারত দলে আহতদের তালিকা দিন দিন লম্বা হচ্ছে। এই তালিকায় সর্বশেষ যুক্ত হয়েছে স্পিনার হরভজন সিংয়ের নাম। পাকস্থলির মাংস পেশীতে টান ধরেছে তার।
এ জন্য তাকে বিশ্রামে থাকতে হবে ১০ থেকে ১২ দিন। ফলে বার্মিংহাম টেস্টে খেলা হচ্ছে না তার। খেলা শুরু হবে ১০ অগাস্ট।
চার টেস্টের সিরিজে ইংল্যান্ড ২-০ তে এগিয়ে আছে।
হরভজনের অনুপস্থিতিতে কপাল খুলে যেতে পারে অমিত মিশ্রর। তবে জহির খান খেলার মতো সুস্থ হয়ে উঠলে চার পেসার নিয়ে মাঠে নামতে পারে ভারত।
সেক্ষেত্রে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বল করা কঠিন হয়ে পড়তে পারে ভারতের জন্য। এর আগে দু'বার সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বল করতে না পারায় জরিমানা গুনতে হয়েছে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিসহ দলের সব খেলোয়াড়কে। আর একটি খেলায় এমনটা ঘটলে এক টেস্টের জন্য নিষিদ্ধ করা হবে ধোনিকে।
কোনো দল এক বছরে তিনটি টেস্টে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বল করতে না পারলে ওই দলের অধিনায়ককে এক টেস্টের জন্য নিষিদ্ধ করার কথা উল্লেখ রয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বিধি-বিধানে।
ইংল্যান্ড সফরে মোটেও ভালো বল করতে পারছেন না হরভজন। ট্রেন্ট ব্রিজ টেস্টে ৬৯ রান দিয়ে নেন এক উইকেট।
লর্ডসে এক উইকেট নেন ২১৮ রানে।
চোটের তালিকায় আরো রয়েছেন যুবরাজ সিং ও বীরেন্দর শেবাগ। এই তালিকায় গৌতম গম্ভিরের নাম থাকলেও তৃতীয় টেস্টে তিনি খেলবেন বলে জানান ধোনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৭৩৪ ঘ.
bdnews24