ঢাকা, আগস্ট ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - না, এবারো রেকর্ড গড়া হয়নি ভারতের। সিরিজে সমতা ফেরাতে হলে রেকর্ড গড়ে ট্রেন্টব্রিজ টেস্ট জিততে হতো ভারতকে। সেটি হয়নি বরং হেরেছে ৩১৯ রানের বিশাল ব্যবধানে। ৪৭৮ রানের জয়ের লক্ষ্যে ভারত গুটিয়ে যায় ১৫৮ রানে।
এ জয়ের ফলে চার টেস্টে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে ইংল্যান্ড।
এর আগে প্রায় একই পরিস্থিতি ছিল লডর্স টেস্টে। জয়ের জন্য ৪৫৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৯৬ রানে হারে ভারত। সেবার তবু লড়াই করার আভাসটুকু ছিল, এবার তাও নয়। একেবারেই অসহায় আত্মসমর্পণ করে সফরকারীরা।
সকালে ব্যাট হাতে ঝড় তোলা অলরাউন্ডার টিম ব্রেসনান দুপুর আর বিকেলে বল হাতে হয়ে উঠেন আরো বিধ্বংসী। ১০ রানের জন্য ক্যারিয়ারের প্রথম শতক পাননি। সেই জ্বালা জুড়াতেই কি না একে একে তুলে নেন ভারতের ৫ উইকেট।
এর আগে প্রথম পালায় আরেক অলরাউন্ডার স্টুয়ার্ট ব্রড ইংল্যান্ডের শক্তির গভীরতার প্রমাণ দিয়ে ৬ উইকেট তুলেছিলেন। এবার তাতে নতুন মাত্রা যোগ করেন ব্রেসন্যান। অথচ ক্রিস ট্রেমলেট সুস্থ থাকলে খেলাই হতো না তার।
জয়ের জন্য পাঁচ সেশনেরও বেশি সময়ে ৪৭৮ রান প্রয়োজন ছিল ভারতের। কিন্তু ট্রেন্টব্রিজের উইকেটে এই রান করা কতটা কঠিন হবে তা মধ্যাহ্ন-বিরতির আগের ৫ ওভারেই বুঝিয়ে দেয় ইংল্যান্ড।
অনেক বড় লক্ষ্য তাড়া করতে নেমে স্কোর বোর্ডে ৬ রান তুলতেই 'দ্য ওয়াল' রাহুল দ্রাবিড়কে (৬) হারায় ভারত। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ভারত। এক পর্যায়ে ৫৫ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে দলটি।
ভারতের প্রথম সাত ব্যাটসম্যানের মধ্যে কেবল শচীন টেন্ডুলকার পৌঁছান দুই অঙ্কের কোঠায়। বাকি ছয় ব্যাটসম্যানের ব্যাট থেকে সব মিলিয়ে আসে ২২ রান।
সপ্তম উইকেটে শচীন ও হরভজন সিং ৫২ রান যোগ করেন। নিজের অর্ধশতকে পৌঁছেই সাজঘরের পথ ধরেন শচীন (৫৬)। দলের রান তখন ১০৭।
এরপর থেকে একদিনের মেজাজে খেলতে থাকেন হরভজন ও প্রভিন কুমার। দলীয় ১২৯ রানের মাথায় হরভজন (৪৬) ফিরে গেলে চর্তুথ দিনেই জয়ের গন্ধ পেতে থাকে স্বাগতিকরা। দলীয় ১৫৩ রানের মাথায় হরভজনকে অনুসরণ করে বিদায় নেন প্রভিন (২৫)। আর বেশিক্ষণ টেকেনি ভারতের পালা। ১৫৮ রানে যখন দলটি গুটিয়ে যায় তখনো দিনের খেলা ২০ ওভার বাকি।
ইংল্যান্ডের পক্ষে ব্রেসন্যান ৫ উইকেট নেন ৪৮ রানে। ৮ ম্যাচের ছোট ক্যারিয়ারে এবারই প্রথম ৫ উইকেট নিলেন তিনি। এছাড়া যে আটটি ম্যাচ তিনি খেলেছেন সেগুলোতে জিতেছে তারই দল, ইংল্যান্ড।
এর আগে জয়ের জন্য ভারতকে ৪৭৮ রানের লক্ষ্য বেধে দেয় ইংল্যান্ড। ৬ উইকেটে ৪৪১ রান নিয়ে চতুর্থ দিন শুরু করে স্বাগতিকরা। মধ্যাহ্ন-বিরতির ১৯ মিনিট আগে সবকটি উইকেট হারানোর আগে ৫৪৪ রান করে তারা। এতে সব মিলিয়ে ৪৭৭ রানে এগিয়ে যায় ইংল্যান্ড।
দিনের শুরুতেই ম্যাট প্রায়রকে হারালেও উল্টো ভারতের উপর চড়াও হয় ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। দলীয় ৪৫৮ রানে সপ্তম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন একদিনের মেজাজে খেলা প্রায়র (৭৩)। আগের দিন ৬৪ রানে অপরাজিত ছিলেন তিনি। তার ৬০ বলের ইনিংসে ১০টি চার ও ১টি ছয় রয়েছে।
১১৯ রানের জুটি ভেঙ্গে গেলেও অবিচল ছিলেন টিম ব্রেসন্যান। বল-ব্যাট হাতে বেশ ছন্দে থাকা স্টুয়ার্ট ব্রডকে সঙ্গে পেয়ে পাল্টা আঘাতে সাধারণ মানে নামিয়ে আনেন ভারতীয় বোলিং আক্রমণকে।
অষ্টম উইকেটে এ দুজন ৮২ রান। পরপর দুই বলে দুজনই বিদায় নিলে ইংল্যান্ডের আরো বড় লিড নেয়ার স্বপ্ন শেষ হয়ে যায়। দলীয় ৫৪০ রানের মাথায় ব্রড (৪৪) রান আউট এবং পরের বলেই ব্রেসন্যান (৯০) প্রভিন কুমারের শিকারে পরিণত হন। এর পর আর ৪ রান যোগ করেই গুটিয়ে যায় ইংল্যান্ডের পালা।
চতুর্থ দিন ৪ উইকেট হারিয়ে ১০৩ রান যোগ করে স্বাগতিকরা।
ভারতের পক্ষে প্রভিন কুমার ৪ উইকেট নেন ১২৪ রানে।
নিজেদের প্রথম পালায় ইংল্যান্ড ২২১ রান করে। জবাবে ভারত নিজেদের প্রথম পালায় করে ২৮৮ রান। এতে ৬৭ রানে এগিয়ে থাকে দলটি।
চতুর্থ পালায় চারশ'র বেশি রান তাড়া করে জেতার উদাহরণ আছে সব মিলিয়ে চারটি। ১৯৪৮ সালে লীডসে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়া প্রথম চারশ (৪০৪/৩) রান তাড়া করে টেস্ট জেতে।
১৯৭৬ সালে ওই রেকর্ড নিজেদের করে নেয় ভারত। সেবার পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারায় তারা। চতুর্থ পালায় ভারত ৪ উইকেটে ৪০৬ রান করে।
২০০৩ সালে ওয়েস্ট ইন্ডিজ সফররত অস্ট্রেলিয়াকে হারিয়ে রেকর্ড নিজেদের করে নেয়। সেন্ট জোনসে চতুর্থ পালায় ৭ উইকেটে ৪১৮ রান করে স্বাগতিকরা। এছাড়া ২০০৮ সালে পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ পালায় ৪ উইকেটে ৪১৪ রান করে ম্যাচ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা।
১০ অগাস্ট বার্মিংহামে তৃতীয় টেস্ট শুরু হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিএ/২২৪৪ ঘ.
bdnews24