২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডের সিমাররাই ডোবাচ্ছে ভারতকে: বয়কট

ইংল্যান্ডের সিম বোলাররাই ভারতের বিপক্ষে সিরিজে পার্থক্য গড়ে দিচ্ছেন বলে মনে করছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক জিওফ বয়কট। তিনি বলেন, এই সিরিজে ইংল্যান্ডের সঙ্গে পেরে ওঠার কোনো আশা নেই ভারতের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2011, 05:54 PM

Updated : 24 Aug 2022, 03:38 PM

ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ডের সিম বোলাররাই ভারতের বিপক্ষে সিরিজে পার্থক্য গড়ে দিচ্ছেন বলে মনে করছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক জিওফ বয়কট। তিনি বলেন, এই সিরিজে ইংল্যান্ডের সঙ্গে পেরে ওঠার কোনো আশা নেই ভারতের। লর্ডস টেস্টে ভারতের বিপক্ষে ১৯৬ রানে জিতেছে ইংল্যান্ড। বয়কটের মতে, ম্যাচের ফলাফল নির্ধারণে ইংল্যান্ডের সিমাররাই মূল ভূমিকা পালন করেন। টেলিগ্রাফ পত্রিকায় নিজের কলামে বয়কট লেখেন, "এই সিরিজে ইংল্যান্ডের সঙ্গে যতবার খেলবে ততবারই হারবে ভারত। কেননা ইংল্যান্ডের সিমাররা ভারতীয় সিমারদের চেয়ে অনেক বেশি ভালো। লর্ডস টেস্টে তা তারা প্রমাণও করেছে।" পিচ ও পরিবেশ ভারত ব্যাটসম্যানদের অনুকূলে থাকলেও জয় সফরকারীদের কাছে অধরাই থেকে যাবে বলে মনে করছেন বয়কট। তিনি বলেন, "বাতাসে বল সুইং করাতে পারলে অথবা পিচের সহায়তা পেলে বাকি তিন টেস্টে ইংল্যান্ডের জয় একেবারে নিশ্চিত। উইকেটে 'ফ্ল্যাট' হলে ভারতের নামকরা ব্যাটসম্যানরা রান পাবেন। তবে এতে খেলার ফলাফল ড্র'র চেয়ে বেশি কিছু হবে না," লেখেন বয়কট। লর্ডস টেস্টের শেষ দিনে ম্যাচ বাঁচাতে ৯৮ ওভার ব্যাট করতে হতো ভারতকে। কিন্তু ৬৯ ওভার ৩ বলের বেশি টিকতে পারেননি বাকি ৯ ব্যাটসম্যান। কলামের প্রায় পুরোটা জুড়ে ইংল্যান্ডের সিমারদের প্রশংসায় বন্যায় ভাসিয়েছেন বয়কট। তারপরও তার কাছে মনে হয়েছে, আরেকটু 'সাবধান' হয়ে খেললে হয়তো ম্যাচটা বাঁচাতে পারতেন ভারতীয় ব্যাটসম্যানরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/২৩৩৩ ঘ.