ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জিম্বাবুয়ে সফর সহজ হবে না বলে মনে করছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।
জিম্বাবুয়ের পথে ঢাকা ছাড়ার আগে বুধবার বিমানবন্দরে সাংবাদিকদের তিনি বলেন, "প্রায় ছয় বছর পর টেস্ট খেলতে নামছে জিম্বাবুয়ে। কিন্তু বহুদিন ধরে প্রায় একই দল নিয়ে খেলছে তারা। প্রস্তুতিও নিয়েছে ভালো।"
নিজেদের প্রস্তুতিও সন্তুষ্ট তিনি। বলেন, "একমাসের 'কন্ডিশনিং ক্যাম্প'র পাশাপাশি 'স্কিল' অনুশীলন করেছি আরো একমাস। খেলেছি তিনটি দু'দিনের প্রস্তুতি ম্যাচও।"
জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদেরই এগিয়ে রাখছেন ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত অধিনায়কের দায়িত্ব পালনকারী আশরাফুল। তিনি বলেন, "গত কয়েক বছর ধরে ওদের বিপক্ষে আমরা নিয়মিত জিতে আসছি। এবারো সেই ধারা রাখবো বলে আশা করছি।"
বাংলাদেশ 'এ' দলের হয়ে এপ্রিলের দক্ষিণ আফ্রিকা সফর জিম্বাবুয়েতে কাজে লাগবে বলে মনে করেন আশরাফুল। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, "দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের পরিবেশ (কন্ডিশন) প্রায় একই রকম।"
দক্ষিণ আফ্রিকা 'এ' দলের বিপক্ষে দু'টি চারদিনের খেলায় পুরোপুরি ব্যর্থ হন আশরাফুল। দুই ইনিংসে রান করেন ১৮। সর্বোচ্চ ১৪।
তবে পাঁচ ম্যাচের একদিনের সিরিজে আশরাফুলের ব্যাট হাসে বেশ ভালোভাবে। চার খেলায় ৫৭.৩৩ গড়ে রান করেন ১৭২। সর্বোচ্চ অপরাজিত ১১৮। বল হাতে নেন ৫ উইকেট। সেরা ৩/২৭।
আশরাফুল ১৩ টেস্টে নেতৃত্ব দিয়ে হারেন ১২টিতে। ড্র হয় একটি টেস্ট। তবে অধিনায়ক হিসেবে একদিনের রেকর্ড এতটা খারাপ নয়। ৩৮ ম্যাচের মধ্যে ৩০টিতে হারলেও জেতেন ৮টিতে।
মূল দায়িত্ব পেসারদের: রাজ্জাক
অনেকের মতে স্পিনাররাই বাংলাদেশের বোলিং আক্রমণের মূল অস্ত্র। কিন্তু জিম্বাবুয়ে সফরে পেসারদেরই মূল দায়িত্ব নিতে হবে বলে মনে করেন বাঁ-হাতি স্পিনার আব্দুর রাজ্জাক।
এর কারণ হিসেবে তিনি বলেন, "দেশটির উইকেট পেস-সহায়ক। এছাড়া আমাদের পেসাররাও উঁচু মানের। বিশ্বকাপে তারা ভালো করেছেন।" জিম্বাবুয়ে সফরেও তারা ভালো করবেন বলে তিনি আশা করছেন।
জিম্বাবুয়েকে মোকাবেলায় প্রস্তুত: নাফীস
সফর কঠিন হলেও বাংলাদেশ ভালো করবে বলে মনে করছেন ব্যাটসম্যান শাহরিয়ার নাফীস। তিনি বলেন, "জিম্বাবুয়ের পরিবেশে (কন্ডিশন) তাদের বিপক্ষে খেলা সহজ হবে না। তবে আমরা নিজেদের সেরাটা খেলতে পারলে ভালো করা সম্ভব।"
"জিম্বাবুয়ে প্রস্তুত। তাদের মোকাবেলায় আমরাও প্রস্তুত," রীতিমতো ঘোষণা দেন তিনি।
সফরে একটি টেস্ট ও পাঁচটি একদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/টিআর/১৭০৬ ঘ.
bdnews24