২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাও দেখা যেতে পারে জহিরকে

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে মাঠে নাও দেখা যেতে পারে ভারতের বোলিং আক্রমণের মূল অস্ত্র জহির খানকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2011, 06:11 PM

Updated : 24 Aug 2022, 03:38 PM

ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে মাঠে নাও দেখা যেতে পারে ভারতের বোলিং আক্রমণের মূল অস্ত্র জহির খানকে। খেলার ব্যস্ত সূচির কথা মাথায় রেখে ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বলেন, আহত পেসার জহিরকে নিয়ে তিনি কোনো ঝুঁকি নেবেন না। "দ্বিতীয় টেস্ট শুরু হতে বাকি আছে মাত্র তিনদিন। কিন্তু জহির খেলবেন কি না, সে ব্যাপারে আমি শতভাগ নিশ্চিত নই," বলেন তিনি। দ্বিতীয় টেস্ট ট্রেন্ট ব্রিজে শুরু হবে শুক্রবার। লর্ডসে প্রথম টেস্টে ভারত হারে ১৯৬ রানে। ধোনি বলেন, "আরো অনেক খেলা রয়েছে সামনে। জহির ৮০ থেকে ৯০ ভাগ 'ফিট' হলেও তাকে নাও খেলাতে পারি। কেননা এতে তার চোট আরো বেড়ে যেতে পারে।" এ অবস্থায় নতুন একজনকে একাদশে নেয়া হতে পারে বলে তিনি জানান। লর্ডস টেস্টের প্রথম দিন তিন ঘণ্টা যেতে না যেতেই হ্যামস্ট্রিংয়ে চোট পান জহির। এরপর আর মাঠে নামতে পারেননি তিনি। ফলে পুরো খেলায় বোলারের অভাবে ভুগতে হয় ভারত অধিনায়ককে। গৌতম গম্ভির ও শচীন টেন্ডুলকারকে নিয়েও চিন্তায় আছেন ধোনি। ভাইরাস জ্বরে আক্রান্ত হয়েছেন শচীন। আর গম্ভির সামান্য চোট পেয়েছেন হাতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/ডিডি/২৩৫৪ ঘ.