ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারত-ইংল্যান্ড প্রথম টেস্টের পঞ্চম ও শেষ দিনের সব টিকেট বিক্রি হয়ে গেছে।
ইংল্যান্ডের গার্ডিয়ান পত্রিকার এক খবরে বলা হয়, শেষ দিনের খেলা দেখার জন্য রাত ২ টায় টিকেটের জন্য লাইনে দাঁড়ানো শুরু করে লোকজন। খেলা শুরু হওয়ার দুই ঘন্টা আগেও লাইনে দাঁড়িয়েছিলেন ২০ হাজার মানুষ। লর্ডসের টুইটার থেকে এই তথ্য জানা যায়।
ইংল্যান্ডের মানুষ যে ক্রিকেট ভালোবাসে তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু তাই বলে টেস্ট ম্যাচের সব টিকেট বিক্রি হওয়া চমক জাগানো খবরই বটে।
লর্ডস টেস্টের শেষ দিনে সফরকারী ভারতের দরকার ৩৭৮ রান। হাতে আছে ৯ উইকেট। ফলে ক্রিকেট রোমাঞ্চের পুরোটা নিয়ে হাজির লর্ডস টেস্ট।
লর্ডস টেস্ট এমনিতেই ইতিহাসের অংশ। কেননা এটি দুই হাজারতম টেস্ট। খেলার শেষ দিনে জয়-পরাজয় নির্ধারিত হতে পারে, সে কারণেই হয়তো ইংল্যান্ডের মানুষ ঘর ছেড়ে লর্ডসমুখী হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/২২০৫ ঘ.
bdnews24