২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মানসিকতায় পরিবর্তন আনতে হবে: স্টুয়ার্ট ল

ক্রিকেটারদের টেস্ট খেলার জন্য মানসিকতায় পরিবর্তন আনতে হবে বলে মনে করছেন প্রধান কোচ স্টুয়ার্ট ল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2011, 01:45 PM

Updated : 24 Aug 2022, 03:38 PM

ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্রিকেটারদের টেস্ট খেলার জন্য মানসিকতায় পরিবর্তন আনতে হবে বলে মনে করছেন প্রধান কোচ স্টুয়ার্ট ল। রাজধানীর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ে সফর পূর্ব এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশ দলের খেলোয়াড়দের দক্ষতায় কোনো সমস্যা নেই। "প্রত্যেকেই উঁচু মানের ক্রিকেটার। তবে টেস্ট খেলার মানসিকতায় সমস্যা রয়েছে। এতে পরিবর্তন আনতে হবে। কারণ ছেলেরা গত কিছুদিন ধরে বহু টি-টোয়েন্টি ও একদিনের ম্যাচ খেলেছেন," বলেন প্রধান কোচ। ১৪ মাস পর টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। তবে এতে কোনো সমস্যা হবে না বলে মনে করছেন তিনি। কিন্তু এর কোনো ব্যাখ্যা দেননি অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটার। বাংলাদেশ কোচ বলেন, "টেস্টে ব্যাটসম্যানদের আরো ধৈর্য্য ধরে ব্যাট করতে হবে। ওভার প্রতি চার-সাড়ে চার রানের লক্ষ্য নিয়ে ব্যাট করলে চলবে না। পুরো দিন এভাবে ব্যাট করা যায় না। দিনে ৯০ ওভার ব্যাট করাই আসল কথা।" "বোলারদের লড়াই করার সুযোগ করে দিতে ব্যাটসম্যানদের স্কোর বোর্ডে যথেষ্ট রান জমা করতে হবে," বলেন শ্রীলঙ্কার সাবেক অন্তবর্তীকালীন কোচ, "প্রথম পালায় ১২০ ওভার ব্যাট করতে পারলে কাজ অনেক সহজ হয়ে যাবে। এভাবে ব্যাট করলে সাড়ে তিন শ' রান করা সম্ভব।" এতো দিন পর টেস্ট খেলার সুযোগ পেয়ে খেলোয়াড়রাও ভালো কিছু করতে মুখিয়ে আছেন বলে মনে করছেন ল। তিনি বলেন, "খেলোয়াড়দের ছোট ছোট লক্ষ্য বেঁধে দিচ্ছি। সবাইকে সুযোগ দেয়ার ইচ্ছে আমার আছে।" জিম্বাবুয়ে সফরে একটি টেস্ট ও পাঁচটি একদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ। এই টেস্টের মধ্য দিয়ে স্বেচ্ছা নির্বাসন থেকে ছয় বছর পর টেস্ট অঙ্গনে ফিরছে জিম্বাবুয়ে। খেলা শুরু হবে হারারেতে ৪ অগাস্ট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২৯২৭ ঘ.