ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকায় ২০১২ সালের এশিয়া কাপ ক্রিকেট প্রতিযোগিতার সম্ভাব্য তারিখ পেছানো হয়েছে।
এখন প্রতিযোগিতাটি হওয়ার কথা ১২ মার্চ থেকে ২২ মার্চ পর্যন্ত। এর আগে শুরু হওয়ার কথা ছিল ১ মার্চ। আর শেষ হওয়ার কথা ছিল ১২ মার্চ।
অস্ট্রেলিয়ায় তিন দেশের ক্রিকেট টুর্নামেন্টের জন্য প্রতিযোগিতার সম্ভাব্য দিনক্ষণ পেছানো হয়। শ্রীলঙ্কা ও ভারতকে নিয়ে এই টুর্নামেন্টটি শেষ হওয়ার কথা ৮ মার্চ।
এটি হবে এশিয়া কাপের একাদশ আসর। বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার খেলার ব্যস্ত সূচির কারণে প্রতিযোগিতাটি নিয়মিত আয়োজন করা সম্ভব হয় না।
প্রতিযোগিতায় টেস্ট খেলুড়ে এই চারটি দেশ অংশ নিয়ে থাকে। এখন কাপটি আছে ভারতের ঘরে।
ডাম্বুলায় ২০১০ সালে শ্রীলঙ্কাকে হারিয়ে শিরোপা জেতে ভারত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৮১৯ ঘ.
bdnews24