২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্রাবিড়ের শতক, তার পরও নিয়ন্ত্রণ ইংল্যান্ডের

রাহুল দ্রাবিড়ের ৩৩তম শতকের পরও লর্ডস টেস্টে চালকের আসনে ইংল্যান্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2011, 06:32 PM

Updated : 25 Apr 2022, 11:31 PM

ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাহুল দ্রাবিড়ের ৩৩তম শতকের পরও লর্ডস টেস্টে চালকের আসনে ইংল্যান্ড। প্রথম টেস্টে তৃতীয় দিন শেষে দ্বিতীয় পালায় স্বাগতিকরা ১৯৩ রানে এগিয়ে। প্রথম পালায় ৮ উইকেটে ৪৭৪ রান তুলে ইনিংস ঘোষণা করেন ইংল্যান্ডের অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস। জবাবে ভারত সবকটি উইকেট হারিয়ে ২৮৬ রান করে। এতে প্রথম পালায় স্বাগতিকরা ১৮৮ রানের লিড পায়। দ্বিতীয় পালায় ইংল্যান্ড ৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৫ রান করেছে। এক প্রান্তে স্ট্রাউস ৩ রানে ব্যাট করছেন। অন্য প্রান্তে অ্যালিস্টার কুক রানের খাতা খুলেন নি। ভারতের হয়ে প্রায় একাই লড়েছেন দ্রাবিড়। ১৫ বছর এবং ১৫৩ টেস্ট আগে এই লর্ডসে অভিষেক হয় দ্রাবিড়ের। সেবার শতকের খুব কাছে গিয়ে ঘুরে এসেছিলেন তিনি। ক্রিস লুইসের বলে জ্যাক রাসেলের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরার আগে করেছিলেন ৯৫ রান। এবার ওই ৫ রানের দুঃখ ভুলেছেন তিনি। তাও এমন সময়ে যখন ভারত ফলোঅনের শঙ্কায় কাঁপছিল। তিন নম্বর ব্যাটসম্যান দ্রাবিড় শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১০৩ রানে। তার ২২০ বলের ইনিংসে ১৫টি চার রয়েছে। এর আগে উদ্বোধনী জুটি ভারতকে একটি ভালো সূচনা এনে দেয়। গৌতম গম্ভির ১৫ রান করে বিদায় নিলেও ততক্ষণে স্কোর বোর্ডে জমা হয় ৬৩ রান। একটু পরেই তাকে অনুসরণ করেন অন্য উদ্বোধনী ব্যাটসম্যান অভিনব মুকুন্দ। তিনি ফেরেন ৪৯ রানে। দুজনকেই ফেরান স্টুয়ার্ট ব্রড। তৃতীয় উইকেট জুটিতে শচীন টেন্ডুলকার ও দ্রাবিড় ৮১ রান যোগ করে ভারতকে শক্ত ভিত গড়ে দেন। কিন্তু দলীয় ১৫৮ রানের মাথায় শচীন (৩৪) ব্রডের তৃতীয় শিকারে পরিণত হলে বড়সর ধাক্কা খায় ভারত। পুরো খেলায় আর ওই ধাক্কা সামাল দিতে পারেনি সফরকারীরা। দলের চারজন ব্যাটসম্যান সাজঘরে ফেরেন রানের খাতা খোলার আগেই। শুরু করেও নিজের ইনিংস বড় করতে পারেন নি অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। পারেন নি ভিভিএস লক্ষ্মণও। তিনি ফেরেন ১০ রানে। বল হাতে আলো ছড়ানো প্রভিন কুমার ব্যাট হাতেও লড়াই করেছেন। দ্রাবিড়ের সঙ্গে ৩৫ রানের ছোট একটা জুটি গড়েন তিনি। এটাই দলকে ফলোঅন থেকে বাঁচিয়ে দেয়। ইংল্যান্ডের পক্ষে ব্রড ৪ উইকেট নেন ৩৭ রানে। এছাড়া ক্রিস ট্রেমলেট ৮০ রানে নেন ৩ উইকেট। এর আগে ইংল্যান্ডের প্রথম পালায় কেভিন পিটারসেন ২০২ রানে অপরাজিত থাকেন। ভারতের পক্ষে প্রভিন কুমার ৫ উইকেট নেন ১০৬ রানে। বৃহস্পতিবার টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ইংল্যান্ড সফরের স্বাগতিকদের সঙ্গে চারটি টেস্ট খেলবে আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দল ভারত। লর্ডসের প্রথম টেস্ট দুই দেশের মধ্যকার শততম টেস্ট ম্যাচ। এছাড়াও সব মিলেয়ে এটি ২০০০ তম টেস্ট ম্যাচ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০০৩০ ঘ.