ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাঠের বাইরে আরো দায়িত্বশীল হওয়ার সময় হয়েছে বলে মনে করছেন জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান। তিনি বলেন, যতো কম কথা বলা যায় ততোই ভালো।
দল সম্পর্কে অধিনায়ক বলেন, "এটাই সম্ভাব্য সেরা দল। দল নিয়ে আমি সন্তুষ্ট।"
রাজধানীর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার সাংবাদিকদের সঙ্গে কথাবার্তার সময় প্রধান নির্বাচক আকরাম খানের সঙ্গে বিতর্ককে ক্রিকেটের অংশ বলে মনে করছেন সাকিব। তিনি বলেন, "এমনটা হতেই পারে। তবে আমি ভাবিনি ঘটনা এত দূর গড়াবে। পুরো ঘটনাটিকে ভালো ও খারাপ, দু'ভাবেই দেখা যায়। আমি ভালোভাবে দেখছি।"
"দল নির্বাচনের সময় নির্বাচকরা আমার মতামত নেননি," অধিনায়কের এই মন্তব্যের পর নির্বাচকদের সঙ্গে তার বিরোধ নিয়ে বিভিন্ন প্রচার মাধ্যমে ব্যাপক লেখালেখি হয়।
বিসিবির প্রধান নির্বাহী মনজুর আহমেদ নতুন করে শুরু করার কথা বলেছেন, আপনি কী মনে করেন? এ প্রশ্নের জবাবে সাকিব বলেন, "একদিক থেকে অবশ্যই এটা নতুন শুরু। তবে আমাদের জন্য তা নয়। কেননা আমরা খেলে যাচ্ছিলাম, এখন শুধু নতুন কোচ ও নতুন নির্বাচকরা দায়িত্ব নিয়েছেন।"
'কমিউনিকেশন গ্যাপ' সম্পর্কে তিনি বলেন, "এ ব্যাপারে উন্নতির দরকার আছে।"
ছুটি প্রসঙ্গে সাকিব বলেন, "ছুটির বিষয়টি আগেই ঠিক করা ছিল। আমি আগের প্ল্যান অনুযায়ী, চলছিলাম। যখন বুঝলাম ব্যাপারটি তা নয়, তখন আবেদন করে ছুটি নেই।"
নির্বাচকের সঙ্গে দল নিয়ে কথাবার্তা হওয়া প্রসঙ্গে সাকিব বলেন, "আকরাম ভাইয়ের সঙ্গে কথা হয়নি, এমন কথা কখনো বলিনি। এ ব্যাপারে ব্যাখ্যা দেবেন প্রধান নির্বাহী। তিনি দুই পক্ষেরই কথা শুনেছেন। উনিই সবচেয়ে ভালো বলতে পারবেন।" এরপর তিনি সাংবাদিকদের বলেন, "আপনাদের কিছু বলার থাকলে জিম্বাবুয়ে সফর নিয়ে কথা বলুন।"
যা হয়ে গেল, তার প্রভাব জিম্বাবুয়ে সফরে পড়বে না বলে সাকিব মনে করেন।
রকিবুল হাসানের বাদ পড়া প্রসঙ্গে তিনি বলেন, "হয়তো শেষ দিকে ভালো খেলেননি। হয়তো ভালো বিকল্প পাওয়া গেছে।"
বাংলাদেশ অধিনায়ক বলেন, টানা খেলার কারণে খুব ক্লান্ত তিনি। তাই বিশ্রাম নেয়া খুব জরুরি। গত দেড় বছরে দশদিনও ক্রিকেটের বাইরে থাকিনি।" বিশ্রাম নিলে মাঠে তিনি নিজেকে মেলে ধরতে পারবেন বলে জানান।
জিম্বাবুয়ের আবহাওয়া ভালো খেলায় বাধা হয়ে দাঁড়াবে না বলে মনে করছেন সাকিব। তিনি বলেন, "খুব ঠাণ্ডা না পড়লে কোনো সমস্যা হওয়ার কথা নয়। একটা প্রস্তুতি ম্যাচ আছে। চার-পাঁচ দিনে নিজেদের মানিয়ে নেয়া সম্ভব।"
এক প্রশ্নের জবাবে সাকিব বলেন, "আকরাম ভাই আগেও নির্বাচক ছিলেন। এখন তো প্রধান নির্বাচক। তাদের কতটা সম্মান করি সেটা তারা জানেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২১৩৮ ঘ.
bdnews24