২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাকিবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে না

অধিনায়ক সাকিব আল হাসানের বিরুদ্ধে কঠোর কোনো ব্যবস্থা নেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী মনজুর আহমেদ। তিনি বলেন, তাকে পরিপক্ক হতে আরো সময় দিতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2011, 02:02 PM

Updated : 24 Aug 2022, 03:36 PM

ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অধিনায়ক সাকিব আল হাসানের বিরুদ্ধে কঠোর কোনো ব্যবস্থা নেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী মনজুর আহমেদ। তিনি বলেন, তাকে পরিপক্ক হতে আরো সময় দিতে হবে। সাকিব বলেছিলেন, দল নির্বাচনের সময় প্রধান নির্বাচক আকরাম খান তার মতামত নেননি। রাজধানীর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে আকরাম খান, নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু, হাবিবুল বাশার সুমন, অধিনায়ক সাকিব ও সহ-অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে বৈঠক শেষে শুক্রবার সাংবাদিকদের মনজুর বলেন, "সাকিব একজন তরুণ অধিনায়ক ও সেরা খেলোয়াড়দের একজন। অধিনায়ক হিসেবেও তার দায়িত্ব অনেক বেশি।" তিনি ভুল থেকে শিক্ষা নেবেন বলে আশা করেন মনজুর। প্রধান নির্বাহী বলেন, "তাকে সহায়তা করতে হবে। এতে দেশ লাভবান হবে। এ রকম ঘটনা যাতে আর না ঘটে তা নিশ্চিত করতে হবে।" তিনি বলেন, "সাকিব আচরণবিধি ভঙ্গ করেছেন কি না, তা আমরা খতিয়ে দেখছি। আমার কাছে মনে হয়েছে সাকিব যা বলতে চেয়েছিলেন তা তিনি গুছিয়ে বলতে পারেননি। দল নির্বাচন বা নির্বাচন প্রক্রিয়া নিয়ে সাকিব প্রশ্ন তোলেননি বলে উল্লেখ করে মনজুর আহমেদ বলেন, সাকিব শুধু নিজের অবস্থান তুলে ধরেছেন। কোনো অভিযোগ করেননি।" মনজুর বলেন, "সাকিবের সঙ্গে আমরা কথা বলেছি। তিনি বলেছেন, দল নির্বাচন সম্পূর্ণ নির্বাচকদের ব্যাপার। মাঠের একাদশ সাজানোর দায়িত্ব অধিনায়কের। তবে এর আগে কোচ ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলবেন তিনি।" এখনো জাতীয় দলের সঙ্গে যোগ দেননি সাকিব। এ ব্যাপারে প্রধান নির্বাহী বলেন, "সাকিবের ছুটির ব্যাপারে যে জল ঘোলা হয়েছে তাতে তাকে পুরোপুরি দোষ দেয়া যায় না। পরিকল্পনা অনুযায়ী, দক্ষিণ আফ্রিকা হয়ে জিম্বাবুয়ে যাওয়ার কথা ছিল আমাদের। আর দেশে ফিরে কয়েকদিন বিশ্রাম নিয়ে সাকিবের জিম্বাবুয়ে যাওয়ার কথা ছিল।" তিনি বলেন, "ওই পরিকল্পনা বাতিলের কথা সাকিব জানতেন না। এখানে আসলে 'মিস কমিউনিকেশন' হয়েছে। ইংল্যান্ডে থাকতেই বিজ্ঞাপন করার ব্যাপারে কথা দেন সাকিব। দেশে ফিরে তিনি তার কথা রাখেন মাত্র।" দল নিয়ে আকরাম খান ও সাকিবের বিরোধ প্রসঙ্গে মনজুর বলেন, "সাকিব কখনো বলেননি তার সঙ্গে প্রধান নির্বাচকের কথা হয়নি। তিনি বলেছেন যে তার মতামত নেয়া যেত। সাকিব আমাকে বলেছেন, প্রধান নির্বাচকের সঙ্গে তার কথা হয়েছে।" এর আগেও সাকিবকে ছাড় দেয়া হয়েছে। এবারও পার পেয়ে যাচ্ছেন কি না, এই প্রশ্নের জবাবে মনজুর বলেন, "আমরা ব্যাপারটা মোটেও হাল্কাভাবে নিচ্ছি না। বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছি।" সাকিবের উত্তরে বিসিবি সন্তুষ্ট কী না সে প্রশ্নের জবাবে বলেন, "ব্যাপারটা সন্তোষ-অসন্তোষের নয়। তিনি ব্যাখ্যা দিয়েছেন আমার শুনেছি।" দলের শৃঙ্খলা মানার ক্ষেত্রে সাকিব-তামিমকে অন্যভাবে দেখা হয়। এ ধরনের দ্বিমুখী নীতির কথা অভিযোগ অস্বীকার করেন মনজুর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৯৪৩ ঘ.