ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হ্যামস্ট্রিংয়ে টান পরায় ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের সিরিজের অন্তত তিনটিতে দর্শক বনে যেতে পারেন ভারতের পেস আক্রমণের মূল অস্ত্র জহির খানকে।
লর্ডস টেস্টের প্রথমদিন নিজের ১৪তম ওভারের মাঝপথে হ্যামস্ট্রিংয়ে টান ধরে জহিরের। এরপর মাঠ থেকে বেরিয়ে যান। আর ফিরতে পারেননি। ফলে বিপাকে পড়েছেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এখন তাকে খেলতে হচ্ছে মূলত তিন বোলার নিয়ে।
যদি হ্যামস্ট্রিং ছিঁড়ে যায় তাহলে তাকে দুই সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। এর অর্থ পুরো সিরিজেই তাকে থাকতে হবে মাঠের বাইরে। আহত থাকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও খেলতে পারেননি তিনি।
জহির খেলতে না পারলে দলের জন্য বড় ধরনের ক্ষতি হবে বলে স্বীকার করেন ভারত কোচ ডানকান ফ্লেচার।
এর ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, "জহির আসলেই চতুর বোলার। ব্যাটসম্যানদের বোকা বানাতে রীতিমতো ওস্তাদ। তিনি কিভাবে বল করেছেন আপনারা তা দেখেছেন।"
জহিরের অনুপস্থিতিতে অবশ্যই লাভবান হবে ইংল্যান্ড। তাকে খেলা ব্যাটসম্যানদের জন্য সত্যিই কঠিন।
হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি ২০০৩ সালে অস্ট্রেলিয়া সফরের সময়। এরপর এই সমস্যা থেকে একেবারে নিস্তার পাননি। মাঝে-মধ্যে দলের বাইরে চলে যেতে হচ্ছে তাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৭১৭ ঘ.
.
bdnews24