ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ স্টুয়ার্ট ল ও ফিল্ডিং কোচ জেসন সুইফট সোমবার ভোরে ঢাকায় পৌঁছেছেন।
বাংলাদেশে ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তা আরেফিন ইসলাম জানান, তারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছান সাড়ে পাঁচটার দিকে।
আগেরদিন রোববার এই দুই কোচ ভোরে আসবেন বলে সাংবাদিকদের জানিয়েছিলেন বোর্ডের প্রধান নির্বাহী মনজুর আহমেদ।
এর আগে সিলেটে বোর্ডের সভায় ল ও সুইফটের নিয়োগ অনুমোদন করা হয়।
প্রথম বিদেশি কোচ হিসেবে বাংলাদেশ দলের দায়িত্ব নেন ভারতের মহিন্দর অমরনাথ। আর অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ল হলেন অষ্টম।
দুই বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের দায়িত্ব নেন ল। স্থলাভিষিক্ত হন আরেক অস্ট্রেলীয় কোচ জেমি সিডন্সের। তিনি ২০০৭ সালের ২৮ অক্টোবর বাংলাদেশ দলের দায়িত্ব নেন। চলে যান এপ্রিলের শেষের দিকে।
শ্রীলঙ্কা দলের প্রধান কোচ ট্রেভর বেলিসের সহকারী হিসেবে কাজ শুরু করেন ল ২০০৯ সালে। বিশ্বকাপের পর বেলিস দায়িত্ব ছেড়ে দিলে অন্তবর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করে যেতে থাকেন তিনি।
১৯৯৮ সালে উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার হন ল।
অস্ট্রেলিয়ার হয়ে একটি টেস্ট ও ৫৪টি (১টি শতক) একদিনের ম্যাচ খেলেন তিনি। এছাড়া প্রথম শ্রেণীর ম্যাচ খেলেন ৩৬৭টি। শতক রয়েছে ৭৯টি।
একমাত্র টেস্ট ম্যাচটি খেলেন ল পার্থে শ্রীলঙ্কার বিপক্ষে ১৯৯৫ সালের ডিসেম্বরে। আর একদিনের ক্রিকেটে অভিষেক হয় ১৯৯৪ সালের ডিসেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে, পার্থে।
১৯৯৬ সালের বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলের সদস্য ল ঘরোয়া ক্রিকেটে কুইন্সল্যান্ড দলের অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন। এছাড়া বহুদিন কাউন্টি ক্রিকেটে খেলেন ল্যাঙ্কাশায়ারের হয়েও। দলটির অধিনায়কও ছিলেন তিনি বেশ কিছু সংখ্যক ম্যাচে।
আরেক অস্ট্রেলীয় জেসন সুইফটের স্থলাভিষিক্ত হন জুলিয়ান ফন্টেইন।
৪০ বছর বয়সী সুইফট ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) লেভেল চার পর্যায়ের কোচ। ছয় মৌসুম কাজ করেন ল্যাঙ্কাশায়ারে।
অস্ট্রেলিয়ার ক্যানবেরা কমেটসের হয়ে ১৯৯৭ থেকে ২০০০ সাল পর্যন্ত লিগ ক্রিকেট খেলেন। কুইনবিয়ান ক্রিকেট ক্লাবের (ক্যানবেরা) অধিনায়ক ছিলেন তিন বছর। বাঁহাতি ব্যাটসম্যান সুইফট বল্টন লিগে ১৭৯৭ সালে এক মৌসুমে সর্বোচ্চ রান সংগ্রহ করেন। সর্বোচ্চ অপরাজিত ২২৬ রান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/টিআর/১৫৫২ ঘ.
bdnews24