ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্যক্তিগত লড়াইয়ে সাকিব আল হাসান জিতলেও দলীয় লড়াইয়ে জিতেছেন তামিম ইকবাল। ফ্রেন্ডস লাইফ টি-টোয়েন্টিতে শুক্রবার তামিমের দল নটিংহ্যামশায়ার ২৫ রানে হারায় সাকিবের দল ওরস্টারশায়ারকে।
ওই জয়ের ফলে ১৬ খেলায় ২৫ পয়েন্ট নিয়ে নর্থ গ্র"পের শীর্ষ দল হিসেবে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে নটিংহ্যামশায়ার। আর গ্র"প পর্যায় থেকেই বিদায় নিল সাকিবের দল ওরস্টাশায়ার। সমান খেলায় তাদের পয়েন্ট ১৫। তালিকায় স্থান পঞ্চম।
নিজেদের মাঠ ট্রেন্ট ব্রিজে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নটিংহ্যামশায়ার। ইনিংস উদ্বোধন করতে নেমে দলীয় ১ রানে খালি হাতে সাজঘরে ফেরেন তামিম। তবে অধিনায়ক অ্যাডাম ভোগসের ৪০ বলে ৫৫ রানের দারুণ এক ইনিংসের উপর ভর করে ৬ উইকেটে ১৬৭ রান করে নটিংহ্যাম।
৪০ রান দিয়ে ১ উইকেট দখল করেন সাকিব। ৩৩ রান করা রিকি উইসেলসকে ফেরান তিনি।
জয়ের জন্য ১৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৯ ওভার ১ বল খেলে ১৪২ রানে গুটিয়ে যায় ওরস্টারশায়ার। ব্যাট হাতে ৫ বলে ১৩ রান করেন সাকিব।
লুক ফ্লেচারের বল উড়িয়ে মারতে গেলে তামিমের হাতে ধরা পড়েন সাকিব। এর আগে দুইন দলের প্রথম দেখায়ও হারে সাকিবের দল। সেবারও তামিমের হাতে দলা পড়েন সাকিব।
রোববার সকালে বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান ও সহ-অধিনায়ক তামিম ইবালের বাংলাদেশে ফেরার কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএনএম/২৩৩৩ ঘ.
bdnews24