ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জিপি-বিসিবি একাডেমি দলের বোলারদের শেখার আগ্রহ তীব্র বলে মনে করছেন বিশেষজ্ঞ কোচ জিওফ লওসন।
জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে শনিবার তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "একাডেমি দলের বোলাররা তরুণ এবং অনভিজ্ঞ। তবে তারা তাড়াতাড়ি শিখছেন। অবশ্য শেখারো অনেক কিছু আছে।"
'নিজেরাই শেখো' এই পদ্ধতিতে তাদের শেখানো হচ্ছে বলে উল্লেখ করে তিনি বলেন, "তারা প্রশ্ন করছেন। আবার নিজেরাই উত্তর খুঁজে নিচ্ছেন। আমার কাজ কেবল তাদের মনে প্রশ্ন জাগানো।"
তিনি বলেন, "বোলারদের কর্মশক্তি কম নয়। এ কারণেই আমি তাদের সঙ্গে কাজ করা উপভোগ করছি। কৌশলগত কারণে এক ধাপ পেছাতেও তাদের কোনো আপত্তি নেই।"
"যে সব ব্যাপার ধরিয়ে দেয়া হচ্ছে সেগুলো নিয়ে তারা ভাবছেন। অনুধাবন করার চেষ্টা করছেন। চেষ্টা করছেন মাঠে তা ফুটিয়ে তোলারও," বলেন তিনি।
বোলারদের 'অ্যাকশনে' বড় ধরনের কোনো পরিবর্তন আনার পরামর্শ দিচ্ছেন না লওসন। পরামর্শ দিচ্ছেন ছোট-খাটো কিছু পরিবর্তন আনার। বোলারদের স্বাধীনভাবে ভাবনা-চিন্তা করারও পরামর্শ দিচ্ছেন তিনি। বলেন, "মাঠে খেলোয়াড়রা খেলবেন। সুতরাং সিদ্ধান্ত তাদেরই নিতে হবে। ম্যাচ-অনুশীলনে সেই সুযোগও দেয়া হচ্ছে।"
বাংলাদেশ 'এ' দলের বোলারদের ব্যাপারেও উচ্ছ্বসিত লওসন। তিনি বলেন, "এই দলের বোলাররা অভিজ্ঞ। তারা তাদের কাজ বোঝেন।"
তিনি বলেন, "ট্যাকটিক্যাল কিছু ব্যাপার নিয়ে তাদের সঙ্গে কাজ করছি। ছোট ছোট ট্যাকটিক্যাল বিষয়গুলো শুধরে নিতে পারলে তাদের উপকারই হবে।"
অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটার পাকিস্তান দলের কোচ ছিলেন। ২০০৭ সালের জুলাই থেকে ২০০৮ সালের অক্টোবর পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৯০১ ঘ.
bdnews24