ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পাকিস্তান টাস্ক টিমের (পিটিটি) প্রতিবেদন নিয়ে জোরালো প্রশ্ন তুলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
সে প্রতিবেদনের বেশ কিছু তথ্যগত অসঙ্গতি তুলে ধরে একে 'অতি পাণ্ডিত্য' বলে অভিহিত করেছে পিসিবি।
এক বিবৃতিতে পিসিবি ৩৮ পৃষ্ঠার প্রতিবেদনে থাকা ৬৩টি সুপারিশের ব্যাপারে নিজেদের বিস্তারিত জবাব প্রকাশ করেছে। তবে এর অল্প কিছুই প্রচার আলোয় এনেছে তারা।
গত সপ্তাহে পিটিটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল। তাতে পাকিস্তানের ক্রিকেটের আমূল পরিবর্তনের জন্য বিভিন্ন সুপারিশ করা হয়।
বোর্ডের প্রশাসন, দল নির্বাচন, ম্যানেজার নিয়োগ, কেন্দ্রীয় চুক্তির পোল এমনকি ঘরোয়া ক্রিকেটে কী ধরনের বল ব্যবহার করতে হবে সে ব্যাপারেও সুপারিশ করা হয়।
প্রথম থেকেই পিটিটির প্রতিবেদন তৈরির প্রক্রিয়ার সমালোচনা করে আসছে পিসিবি। এ ব্যাপারে তাদের প্রধান সমালোচনা হচ্ছে, "পিটিটির সদস্যরা পাকিস্তান সফর না করেই পুরো প্রতিবেদন তৈরি করেছেন।" এতে প্রতিবেদনে দেয়া পর্যবেক্ষণের ব্যাপারে জোরালো প্রশ্নের জন্ম দেয়। যদিও আইসিসির মহাব্যবস্থাপক ডেভিড রিচার্ডসন ২০১১ সালের জানুয়ারিতে পাকিস্তানের করাচিতে কয়েকজন সাবেক খেলোয়াড়ের সঙ্গে কয়েক ঘন্টা কথা বলেছিলেন।
সুপারিশগুলোর মূল লক্ষ্য ছিল পিসিবি চেয়ারম্যানের ক্ষমতা। বিশেষ করে পৃষ্ঠপোষক দেশটির প্রেসিডেন্ট দ্বারা বোর্ডের চেয়ারম্যান নিয়োগের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করা।
আইসিসির চাওয়া অনুযায়ী দুই বছরের মধ্যে শাসন ব্যবস্থার পরিবর্তনের কথা মাথায় রেখে খুবই সতর্কতার সঙ্গে এ ব্যাপারে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছে পিসিবি।
পিসিবি বলেছে, "পাকিস্তানের ক্ষেত্রে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। এখানে ক্রিকেট প্রশাসনে সরকারের সমর্থন প্রয়োজন। তা না হলে আন্তর্জাতিক ক্রিকেট হয়তো পাকিস্তানে ফিরতে পারবে না।
বিবৃতিতে আরও বলা হয়, "পাকিস্তানের চরম নিরাপত্তাহীনতার সময়ও পৃষ্ঠপোষক হিসেবে দেশের প্রেসিডেন্টকে পাওয়া যায়। এতে বোর্ড খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে। পাকিস্তানের ক্রিকেটে এ ব্যবস্থা গত ৬০ বছর ধরে চলছে এবং এই সময়ে দেশটির ক্রিকেট বিশ্বের উচ্চতম আসনে নিজেদের জায়গা করে নিয়েছে। এমন একটি ব্যবস্থাকে হঠাৎ করেই ত্র"টিপূর্ণ বলে দেয়া যায় না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএনএম/টিএ/২১৫০ ঘ.
bdnews24