ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দলে পেসার মাশরাফি বিন মর্তুজার অনুপস্থিতিকে বড় ধরনের ক্ষতি বলে মনে করছেন জাতীয় দলের অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ।
তিনি বলেন, "জিম্বাবুয়ে নিঃসন্দেহে শক্তিশালী দল। তাদের হাল্কাভাবে নিলে বিপদ হবে।"
এর আগে বুলাওয়েতে খেললেও হারারেতে খেলেননি মাহমুদুল্লাহ। তবে পিচ নিয়ে এখনই ভাবছেন না তিনি। জিম্বাবুয়ে পৌঁছার পর উইকেট ও পরিবেশ নিয়ে ভাববেন। এখন দেশে ভালো করে প্রস্তুতি নিতে চান তিনি।
চোটের কারণে মাশরাফি বিন মর্তুজার অনুপস্থিতিকে দলের জন্য বড় ধরনের ক্ষতি হিসেবে দেখছেন মাহমুদুল্লাহ। তবে রুবেল হোসেন ও শফিউল ইসলামের ওপরও তার ভরসা আছে। তিনি বলেন, "রুবেল ও শফিউলের মধ্যে একটা জুটি গড়ে উঠছে। এছাড়াও সৈয়দ রাসেল, রবিউল ইসলাম ও নাজমুল হোসেন রয়েছেন।"
আপতত টেস্ট ম্যাচ নিয়েই ভাবছেন রিয়াদ। টেস্ট শেষে একদিনের সিরিজ নিয়ে ভাববেন। তিনি বলেন, "শেষ ১৪ মাস আমরা অনেক একদিনের ম্যাচ খেলেছি। তাই আপাতত ভাবনা কেবল টেস্ট নিয়ে।"
একদিনের ক্রিকেটে দুই প্রান্ত থেকে নতুন বল ব্যবহার করলেও বাংলাদেশের ক্ষতি হবে না বলে মনে করছেন। তিনি বলেন, "নতুন বলে স্পিনার আমরা আগেও ব্যবহার করেছি। আব্দুর রাজ্জাক অনেক ম্যাচেই বোলিং উদ্বোধন করেছেন।"
বুধবার জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে অনুশীলনের ফাঁকে নিজের ব্যাপারে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "দলের প্রয়োজনই আমার কাছে সবচেয়ে বড়। দলের প্রয়োজনে যে কোনো জায়গায় ব্যাট করতে রাজি আছি।" যদিও ভারতের সাবেক উদ্বোধনী ব্যাটসম্যান সুনীল গাভাস্কার আট নম্বরে তাকে বিশ্বের সেরা ব্যাটসম্যান হিসেবে অভিহিত করেছিলেন।
নিজেকে ব্যাটিং অলরাউন্ডার বলে মনে করেন রিয়াদ। ব্যাটিং ও বোলিং, উভয় বিভাগে ভালো করতে চাইলেও তার নজর মূলত ব্যাটিংয়ের দিকে। নিজেই বলেলেন, অনুশীলনে ব্যাটিং করছেন তিনি বেশিরভাগ সময় ধরে।
প্রধান নির্বাচক আকরাম খান টেস্ট দল নির্বাচন প্রসঙ্গে বলেছিলেন, অলরাউন্ডারদের চেয়ে বিশেষজ্ঞ বোলার কিংবা বিশেষজ্ঞ ব্যাটসম্যানদের ওপর তিনি বেশি গুরুত্ব দেবেন। তারপরও দলে থাকার ব্যাপারে আত্মবিশ্বাসী রিয়াদ।
এ পর্যন্ত ৯টি টেস্ট খেলেছেন রিয়াদ। তাতে একটি শতক ও চারটি অর্ধশতকসহ ৩৬.৮৭ গড়ে রান করেছেন ৫৯০। সর্বোচ্চ ১১৫। অন্যদিকে ৩৬.৩১ গড়ে নিয়েছেন ২২ উইকেট। সেরা ৫/৫১।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২২২৭ ঘ.
bdnews24